রাজধানীতে বাসায় ঢুকে যুবককে গুলি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডায় মোহাম্মদ রানা (৩৫) নামের গাড়িচালক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর ডান পায়ে হাঁটুর ওপর গুলি লেগেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ বউবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

রানা নোয়াখালীর মাইজদী থানা এলাকার আব্দুর রবের ছেলে। বর্তমানে তিনি ভাটার কাজীবাড়ি এলাকায় থাকেন।

স্বজনেরা জানান, রানাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর স্বজনেরা তাঁকে বাসায় নিয়ে যান।

রানা জানান, শনিবার বেলা ৩টার দিকে উত্তর বাড্ডায় তাঁর ভাই জয়ের বাসায় দাওয়াতে যান তিনি। রাতের খাবার শেষে সেখানেই ঘুমিয়ে পড়েন। রাত ১০টার দিকে বাসার দরজায় কেউ কড়া নাড়েন। ভেতর থেকে জিজ্ঞেস করা হলেও বাইরে থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে তাঁর ভাই দরজা খুলে কাউকে দেখতে না পেয়ে বাসার মূল দরজার দিকে যান।

রানা বলেন, ‘এ সময় হঠাৎ বাসার ভেতরের দরজা দিয়ে ওই এলাকার সন্ত্রাসী তামিমসহ তিনজনঢোকেন। তাঁরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে ডান পায়ে গুলি করে পালিয়ে যান।’

রানার দাবি, তাঁর বড় ভাইয়ের একটি প্রতিষ্ঠানের কাছে তামিম নিয়মিত চাঁদা চাইতেন। তিনি তাঁর ভাইকে চাঁদা দিতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে গুলি করে থাকতে পারেন। তামিমের বিরুদ্ধে বাড্ডায় একটি হত্যা মামলা রয়েছে বলে জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর স্বজনেরা তাঁকে বাসায় নিয়ে গেছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত