
জামালপুরে নিখোঁজের তিন দিন পর বিদ্যালয়ের পাশে একটি বসতঘরের মাটির নিচ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুটির নাম মরিয়ম আক্তার (৭)। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ওই বাড়ির মালিক জামিনুর ও তার স্ত্রী সবুজা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
মরিয়ম মাদারগঞ্জ উপজেলার চরলোটাবর এলাকার বাহাদুরের মেয়ে। সে সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পর নিখোঁজ হয় মরিয়ম। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। আত্মীয়স্বজনের বাড়ি, আশপাশের এলাকা ও বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।
শনিবার রাতে স্থানীয়দের খবরে বিদ্যালয়ের পাশে জামিনুরের বসতঘরে যায় পুলিশ। সেখানে মাটির নিচে কিছু চাপা দেওয়া অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে মাটি সরিয়ে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরিয়মকে হত্যার পর মাটিতে পুঁতে রাখা হয়েছিল। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।
.png)






