চিন্ময় প্রসঙ্গ তুলে বাঙালি হিন্দুদের পৃথক রাজ্যের গুরুত্ব বোঝালেন শুভেন্দু

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ১৬
ভারতের পশ্চিমবঙ্গের ‍মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের ‍মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গকে বাঙালি হিন্দুদের জন্য আলাদা আবাসভূমি করা না হলে রাজ্যের মানুষের পরিণতি কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাসের মতো হতে পারত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শনিবার (১২ সেপ্টেম্বর) কলকাতায় একটি গণেশ পূজার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। খবর দ্য হিন্দুর।

শুভেন্দু অধিকারী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি ও ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দের সংগ্রামের কারণে পশ্চিমবঙ্গ ভারতের অংশ হয়েছে। তা না হলে তাদের পরিণতিও চিন্ময় দাসের মতো হতে পারত বলে তিনি মনে করেন।

বাংলাদেশে কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাসের প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, সম্প্রতি তাঁর মায়ের মরদেহের পাশে শোকাহত অবস্থায় ছবি প্রকাশিত হয়েছে। ওই ছবি সারা বিশ্বের সনাতনীদের নাড়া দিয়েছে।

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস প্রায় দুই বছর ধরে কারাগারে রয়েছেন। গত সপ্তাহে মায়ের শেষকৃত্যে অংশ নিতে তাঁকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।

২০২৪ সালের অক্টোবরে চিন্ময় দাস গ্রেপ্তার হলে তৎকালীন বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী কয়েকটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের সাবেক বামফ্রন্ট সরকার ও বর্তমান তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, দীর্ঘদিনের শাসনে বাঙালি হিন্দুদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

বামফ্রন্ট সরকারের ৩৪ বছরের শাসনের প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, সে সময় হিন্দুদের ঐতিহ্যবাহী রীতিনীতি উপেক্ষা করা হয়েছে। দুর্গাপূজাকে ‘শারদোৎসব’ নাম চালু করার সমালোচনা করেন তিনি।

বাম দলগুলোর পূজামণ্ডপের স্টলে বিক্রি হওয়া বই নিয়েও মন্তব্য করেন শুভেন্দু। তাঁর দাবি, সেখানে স্বামী বিবেকানন্দ, লোকেশ্বরানন্দ, ভারত সেবাশ্রম সংঘ এবং পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস নিয়ে বই পাওয়া যায় না। তবে কার্ল মার্ক্সের বই পাওয়া যায়।

তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনকেও আক্রমণ করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে ‘জামাতিফিকেশন’ হয়েছে। দুর্গাপূজার মণ্ডপ পিতৃপক্ষে উদ্বোধন এবং মহররমের সঙ্গে বিসর্জনের সময় মিলে যাওয়ায় বিসর্জনের সূচিতে পরিবর্তন আনার বিষয়েও সমালোচনা করেন তিনি।

শুভেন্দু বলেন, পঞ্জিকায় যে তারিখ নির্ধারিত থাকে, তা অনুসরণ করা উচিত।

দুর্গাপূজার ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগের ঘোষণা দেন তিনি। বলেন, মহালয়ার আগে কোনো সার্বজনীন পূজার উদ্বোধন করা হবে না। পাশাপাশি অষ্টমীর দিন ‘ড্রাই ডে’ পালনের কথাও জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত