বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন, কাভার্ড ভ্যানের ধাক্কায় কনের ভাই-বোনসহ নিহত ৪
স্ট্রিম সংবাদদাতাচট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসে থাকা চারজন নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার শিকলবাহা চৌমুহনী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের এই দুর্ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।
নিহতরা হলেন– নিয়াজ মোর্শেদ (২২), তাঁর ছোট বোন মিমতাহ (১৭)। তাদের মামা ফেরদৌস আলম (৫৫) ও মাইক্রোবাসের চালক মো. মুন্না। তারা সবাই কক্সবাজারের ঈদগাহ এলাকার বাসিন্দা।
কর্ণফুলী থানার এসআই জাকির হোসেন জানান, মাইক্রোবাসের যাত্রীরা নগরীর আগ্রাবাদে একটি বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারের ঈদগাঁ এলাকায় ফিরছিলেন। শিকলবাহা এলাকা অতিক্রমের সময় একটি কাভার্ড ভ্যান ইউটার্ন নিতে গিয়ে পেছন থেকে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে ফেরদৌস আলম ও মিমতাহ নিহত হন। হাসপাতালে নেওয়ার পর দুজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত সাতজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
নিহত ফেরদৌস আলমের আত্মীয় ওমর ফারুক জানান, শনিবার রাতে নগরীর আগ্রাবাদের একটি কমিউনিটি সেন্টারে মিমতাহর বড় বোনের বিয়ে হয়। সেই অনুষ্ঠান শেষে মাইক্রোবাসে তাঁর পরিবারের কয়েক সদস্য ও স্বজন ঈদগাহ এলাকায় ফিরছিলেন। এ সময় পথে দুর্ঘটনাটি ঘটে।
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে কাভার্ড ভ্যানটির চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। তাদের ধরতে অভিযান চলছে।
.png)






