
পাবনা শহরে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে পাবনা পৌরসভা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ও ব্র্যাকের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) পাবনা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সমঝোতা স্মারক সই হয়।
সমঝোতা স্মারক অনুযায়ী, তিন প্রতিষ্ঠান নিজেদের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে পাবনা পৌরসভার বিদ্যমান ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে উদ্যোগটি বাস্তবায়ন করবে। এতে প্রাতিষ্ঠানিক নেতৃত্ব ও তদারকির দায়িত্ব পালন করবে পাবনা পৌরসভা। আর অংশীজনদের মতামত ও স্থানীয় পরিস্থিতি বিবেচনায় নিয়ে উদ্যোগটির পরিকল্পনা ও বাস্তবায়নে কারিগরি নেতৃত্ব দেবে ব্র্যাক।
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, বর্জ্য ব্যবস্থাপনা শুধু পাবনার নয়, মাঝারি আকারের সব পৌরসভার জন্যই বড় চ্যালেঞ্জ। এটি শুধু পরিবেশের বিষয় নয়; এর সঙ্গে জনস্বাস্থ্য, ড্রেনেজ, জলাবদ্ধতা ও মানুষের জীবনযাত্রার মান জড়িত। শেষ পর্যন্ত একটি শহর বসবাসের উপযোগী থাকবে কি না, সেটিও এর সঙ্গে সম্পর্কিত।
স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী বলেন, ছোটবেলা থেকেই যদি আমাদের মধ্যে নিজের শহরের প্রতি দায়িত্ববোধ তৈরি হয়, তাহলে পরিবর্তন সম্ভব। স্কুল, কলেজ, মাদ্রাসা সব জায়গা থেকেই ছোট ছোট উদ্যোগ শুরু করতে হবে। দরকার সবার সদিচ্ছা, আর আমাদের দায়িত্ব হবে তাদের পেছন থেকে সহযোগিতা করা।
অনুষ্ঠানে সমঝোতা স্মারকে ব্র্যাকের পক্ষে নির্বাহী পরিচালক আসিফ সালেহ্, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী এবং পাবনা পৌরসভার পক্ষে পৌর প্রশাসক মো. খায়রুল ইসলাম স্বাক্ষর করেন।
এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস ও ব্র্যাকের পরিচালক ড. মো. লিয়াকত আলী।
সমঝোতা স্মারকটি প্রাথমিকভাবে দুই বছরের জন্য কার্যকর থাকবে। কাজের অগ্রগতি ও অভিজ্ঞতা পর্যালোচনা করে পরবর্তী পর্যায়ের পরিকল্পনা গ্রহণ করা হবে।
.png)






