মাকে গলা কেটে হত্যা, ছেলে আটক

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঝিনাইদহ

ঝিনাইদহে মাদকের টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগে ছেলে আটক। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে মাদকের টাকা না পেয়ে শখের বানু (৫৭) নামের এক নারীকে তার ছেলে গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৪ আগস্ট) ভোররাতে শ্যামকুড় ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শখের বানু শ্যামকুড় গ্রামের মৃত জেকের আলীর স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইখলাসুর রহমানকে (৩৫) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইখলাসুর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। টাকা নিয়ে প্রায়ই মায়ের সঙ্গে তার বাগবিতণ্ডা হতো। গত বৃহস্পতিবার রাতেও টাকা না পেয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ভোররাতে ইখলাসুর তার মায়ের ঘরে ঢুকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

সকালে ছোট ছেলের স্ত্রী শখের বানুকে খাবার দিতে গিয়ে রক্তভেজা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অন্যদিকে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী অভিযুক্ত ইখলাসুরকে আটক করে পুলিশে সোপর্দ করে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মাদক সেবন ও টাকা নিয়ে বিরোধের জেরে ছেলে তার মাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আটক ছেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত