ঢাকায় ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব নিলেন দীনেশ ত্রিবেদী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১৬: ৫৩
দীনেশ ত্রিবেদী। ছবি: সংগৃহীত

ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করেছেন দীনেশ ত্রিবেদী। আজ বৃহস্পতিবার (২৫ জুন) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে তিনি ঢাকা মিশনের এই দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব শুরুর আগে বঙ্গভবনে আয়োজিত এক রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় পরিচয়পত্র পেশ করেন তিনি। নিয়ম অনুযায়ী, এ সময় তাঁকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপতির কার্যালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।

দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা দিল ভারত

দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা দিয়েছে ভারত সরকার। গত বুধবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (জননিরাপত্তা বিভাগ) এক অফিস স্মারকে জানানো হয়েছে, এই মর্যাদা শুধু আনুষ্ঠানিক বা প্রটোকল-সংশ্লিষ্ট আয়োজনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের সাবেক সংসদ সদস্য ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী এর আগে দুইবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে গত ১২ জুন তিনি বাংলাদেশে পৌঁছান। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা ও দিল্লির মধ্যে তৈরি হওয়া দূরত্ব ঘোচানোর লক্ষ্যে এই অভিজ্ঞ রাজনীতিককে রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দীনেশ ত্রিবেদী বাংলা ভাষায় পারদর্শী এবং দুই বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে সম্যক ধারণা রাখেন। একজন সেতারবাদক হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। গুজরাটি দম্পতি হীরালাল ত্রিবেদী ও উর্মিলাবেন ত্রিবেদীর ছোট ছেলে দীনেশ হিমাচল প্রদেশের বোর্ডিং স্কুল থেকে পড়াশোনা শেষ করে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন তিনি।

প্রবীণ এই রাজনীতিক দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। আশির দশকে তিনি কংগ্রেসের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরে ১৯৯০ সালে জনতা দলে যোগ দেন এবং ১৯৯০ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত রাজ্যসভায় দলটির সদস্য ছিলেন। ১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠন করলে তিনি সেই দলে যোগ দেন এবং দলটির প্রথম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ত রাজ্যসভায় তৃণমূলের এমপি ছিলেন দীনেশ। ২০০৯ সালে ব্যারাকপুর থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে তিনি মনমোহন সিং সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী হন। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিলে তিনি সেই মন্ত্রণালয় সামলান। ২০১৯ সালের নির্বাচনে বিজেপির অর্জুন সিংয়ের কাছে পরাজিত হওয়ার পর তৃণমূল তাঁকে পুনরায় রাজ্যসভায় পাঠায়। তবে ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তিনি তৃণমূল থেকে পদত্যাগ করেন এবং ৬ মার্চ বিজেপিতে যোগ দেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত