জুলাইয়ে ছাত্রদলের অবদান অস্বীকার করা শহীদদের রক্তের অপমান: রিজভী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৪৮
কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। স্ট্রিম ছবি
কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। স্ট্রিম ছবি

জুলাই আন্দোলনে ছাত্রদলের অবদান অস্বীকার করা শহীদদের আত্মত্যাগ অপমানের শামিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদলের নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রকাশনার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘কেউ কেউ জুলাই আন্দোলনের একক কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে। এর মাধ্যমে ছাত্রদলের ১৪২ এবং বিএনপি ও শ্রমিক সংগঠন মিলিয়ে মোট ৪৫০ জনের আত্মাহুতিকে তুচ্ছ করার অপচেষ্টা চলছে। এই বিপ্লবে যে ১৪২ তরুণ প্রাণ দিল, তাদের অবদান অস্বীকারকারীরা শহীদদের রক্তকেই অপমান করছে।’

তিনি জানান, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দলীয় শক্তি সংগঠিত থাকায় আন্দোলন সফল হয়েছিল।

রিজভী দাবি করেন, গত ১৬-১৭ বছরে ছাত্রদলের নেতাকর্মীদের রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হতে হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদলের অনেক নেতার নামে ৩০-এর বেশি মামলা রয়েছে বলেও দাবি করেন তিনি।

নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম প্রসঙ্গে রিজভী বলেন, এটি কেবল ছাত্রদলের সাংগঠনিক ইতিহাস ও জুলাইয়ের ভূমিকা তুলে ধরবে না, বরং এতে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতির নানা ঘটনাপ্রবাহও অন্তর্ভুক্ত থাকবে।

অনুষ্ঠানে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, ‘জুলাইয়ের গণহত্যার জন্য আওয়ামী লীগ কোনো অনুতাপ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা করেনি। এরপরও যদি দলটি রাজনীতিতে ফিরতে চায়, তবে ছাত্রদল তাদের রাজপথে মোকাবিলা করবে।’

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, ২০১১ সালে মহানগর নাট্যমঞ্চে খালেদা জিয়া প্রথম ছাত্রদলের ওয়েবসাইটের উদ্বোধন করেছিলেন। নতুন এই ডিজিটাল উদ্যোগ তাঁর প্রতি উৎসর্গ করা হয়েছে।

তিনি বলেন, কোনো পক্ষ এ উদ্যোগের প্রশংসা না করে ভুল খোঁজার চেষ্টা করবে। তবে ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রকাশনার মাধ্যমে ছাত্রদলের ইতিহাস ও রাজনৈতিক ভূমিকা নিয়মিত তুলে ধরা হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত