দেশে ফের ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে: নাহিদ ইসলাম

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ১৯: ৩১
‘সম্প্রীতির জুলাই: জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের অবদান’ শীর্ষক সভায় কথা বলেন নাহিদ ইসলাম। সংগৃহীত ছবি

দেশে ফের ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (১ আগস্ট) রাজধানীর ডিআরইউ মিলনায়তনে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তিতে এক সভায় এই কথা বলেন তিনি।

সম্প্রতি সিলেট অঞ্চলে এনসিপির জুলাই পথযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনার দিকে ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, ‘বিরোধী দলগুলোর বিরুদ্ধে দমন-পীড়নের পুরোনো সংস্কৃতি আবারও ফিরে আসছে এবং দেশে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে।’

তিনি আরও বলেন, গণতন্ত্র ও প্রাতিষ্ঠানিক সংস্কার শক্তিশালী না হলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করা সম্ভব নয়।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই অভ্যুত্থান ছিল বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের আন্দোলন। এতে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ অংশ নিয়েছে। গণঅভ্যুত্থানে অন্তত ৯ জন সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য শহীদ হয়েছেন।’

বিরোধীদলীয় চিফ হুইপ অভিযোগ করেন, অতীতে ফ্যাসিস্ট সরকার সংখ্যালঘু সম্প্রদায়কে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। ধর্মনিরপেক্ষতার নামে তৎকালীন সরকার নিজেদের অসাম্প্রদায়িক আর অন্যদের সাম্প্রদায়িক বানানোর চেষ্টা করেছে।

সংখ্যালঘু সম্প্রদায়কে একক রাজনৈতিক দলের ওপর নির্ভর না করে সব দলের সঙ্গে সম্পর্ক রাখার পরামর্শ দিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘অভ্যুত্থানের পর মাদ্রাসার শিক্ষার্থীরা মন্দির পাহারা দিয়েছিল, যা সংকটের সময়ে সম্প্রীতির অনন্য উদাহরণ। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতিই তৈরি না হয়, সেটাই কাম্য।’

একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও জমি দখলসহ অতীতের সব অপকর্মের বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান এনসিপির এই নেতা।

এনসিপির যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশ বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের, সেন্ট মেরি ক্যাথেড্রালের পরিচালক ফাদার এলবার্ট টমাস রোজারিও এবং এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত