মেঘমল্লার বসুসহ ছাত্র ইউনিয়নের ২ নেতার পদত্যাগ, একজনকে অব্যাহতি

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১৫: ০১
মেঘমল্লার বসু। স্ট্রিম ছবি

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হওয়ায় স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) তৈরির বিষয়টি বিবেচনায় নিয়ে মেঘমল্লার বসু ও মাঈন আহমেদ স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। বর্তমান রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটি তাই পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। একই সাংগঠনিক বাস্তবতা ও প্রেক্ষাপট বিবেচনায় কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, সংগঠনের আদর্শ, নীতি ও সাংগঠনিক স্বচ্ছতা অক্ষুণ্ন রাখার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্র ইউনিয়নের নীতিমালা অনুযায়ী, একাধিক রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্ব একযোগে পালন সংগঠনের সাংগঠনিক কাঠামো ও আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।

বিদায়ী নেতাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের ভবিষ্যৎ রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের সফলতাও কামনা করেছে ছাত্র ইউনিয়ন।

মেঘমল্লার বসু চলতি বছরের শুরুতে আত্মপ্রকাশ করা ‘নেটওয়ার্ক ফর পিপল অ্যাকশন’ (এনপিএ) নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে যোগ দিয়েছেন বলে জানা গেছে। প্ল্যাটফর্মটি আত্মপ্রকাশের সময়ই মেঘমল্লারের নাম জড়িত থাকার খবর সামনে এসেছিল।

Ad 300x250

সম্পর্কিত