leadT1ad

জামায়াত আমিরের আইডি হ্যাকের দাবি নিয়ে প্রশ্ন বিএনপির, বিক্ষোভ ছাত্রদলের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ৫২
সংবাদ সম্মেলনে কথা বলছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নারী বিদ্বেষী পোস্টের প্রায় ৯ ঘণ্টা পর আইডি হ্যাকের দাবি নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জামায়াত আমিরের এক্সে পোস্ট দেওয়া এবং অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া দাবি করা নিয়ে সংগত কারণেই জনমনে প্রশ্ন উঠেছে। তাছাড়া ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই অ্যাকাউন্ট ফিরে পাওয়ার দাবি কতটা বিশ্বাসযোগ্য?

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহদী আমিন। তিনি বলেন, আমরা সবাই জানি­– কোনো গুরুত্বপূর্ণ বা ভেরিফায়েড অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথম ও প্রধান দায়িত্ব দ্রুত জনগণকে জানানো, যাতে বিভ্রান্তি না ছড়ায় এবং সবাই সতর্ক থাকতে পারে। কিন্তু এখানে (জামায়াত আমিরের পোস্ট) দেখা গেল, জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ার পর হঠাৎ করে বলা হলো, হ্যাকড হয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, এই দাবি কতটা বিশ্বাসযোগ্য? এমনকি ওই সময়ের মধ্যে জামায়াত আমিরের ফেসবুক অ্যাকাউন্টে অনেক পোস্ট করা হয়েছে, যার মধ্যে আমরা তাঁর এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কোনো পোস্ট দেখতে পাইনি।

বিএনপি চেয়ারম্যানের এই উপদেষ্টা বলেন, জামায়াত নেতারা স্পষ্টভাবে উল্লেখ করেছেন­ বিকেল ৪টা ৫৫ মিনিটে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয় তারা জেনেছেন। যদি তাই হয়, তবে এই দীর্ঘ সময় কেন জাতির সামনে সেটি উন্মোচন করেননি এবং কেন প্রায় ১২ ঘণ্টা পরে জিডি করলেন? এই বিলম্বের কি কোনো যৌক্তিক ব্যাখ্যা আছে? প্রশ্নগুলো জনমনে ঘুরছে, যৌক্তিকভাবে উত্তর জানতে চায় তারা।

তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই­– আমরা সব সময় নারীর ব্যক্তিগত স্বাধীনতা, সম্মান ও সমঅধিকারের পক্ষে। এই ধরনের ভাষা ও মানসিকতা সভ্য সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এটি নারী বিদ্বেষের বহিঃপ্রকাশ। জামায়াত আমিরের পোস্টটি সত্য হলে, এর মাধ্যমে পুরো সমাজব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা প্রতীয়মান। আমরা এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।

মাহদী আমিন বলেন, আল-জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে নারীর ক্ষমতা প্রসঙ্গে নেতিবাচক মন্তব্য করেছেন জামায়াত আমির। আমরা দেখেছি, এই দলের এক নেতা ডাকসু নিয়ে একই ধরনের শব্দ ব্যবহার করেছেন। জামায়াত আমির প্রকাশ্যে নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনার মতো পশ্চাৎপদ বক্তব্য দিয়েছেন। দলটি মুখে মুখে ইনসাফ কায়েমের কথা বলে বেড়ায়। অথচ একটি আসনেও নারী প্রার্থী দেয়নি।

প্রশ্ন রেখে তিনি বলেন, জামায়াত নেতারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন– তাদের দলের প্রধান পদে কখনো নারী আসতে পারবে না। অথচ তাদের নারীরা বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এনআইডি কার্ড এবং বিকাশ নম্বর সংগ্রহ করেছেন। এটা কী ধরনের ইনসাফ?

জামায়াতের মনোভাবের কারণেই তাদের জোটসঙ্গী দলের নারী নেত্রীরা পদত্যাগ করেছেন জানিয়ে মাহদী আমিন আরও বলেন, তাদের জোট সঙ্গীদের অনেকে স্বীকার করেছেন– নানাভাবে তারা বাধার সম্মুখীন হচ্ছেন। আমরা দেখছি, আমাদের যারা নারী প্রার্থী এবং নির্বাচনী প্রচারে আমাদের যেসব মা-বোন আছেন, তাদের অনলাইন-অফলাইনে হেনস্তা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

জামায়াত আমিরের নারী বিদ্বেষী পোস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে। রোববার দুপুরে মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ করে।

এতে বক্তৃতা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমন প্রমুখ।

জামায়াত আমিরের নারী বিদ্বেষী পোস্টের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ-সমাবেশ করে ছাত্রদল। ছবি: সংগৃহীত
জামায়াত আমিরের নারী বিদ্বেষী পোস্টের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ-সমাবেশ করে ছাত্রদল। ছবি: সংগৃহীত

নেতারা জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। রাকিব বলেন, নারীদের প্রতি জামায়াত-শিবিরের দৃষ্টিভঙ্গি যুগে যুগে প্রকাশ পেয়েছে। ৫ আগস্ট-পরবর্তী বাস্তবতায় নারীর বিষয়ে তাদের কার্যকলাপের চূড়ান্ত বাস্তব পরিণতি আমরা জামায়াত আমিরের বক্তব্যে দেখলাম।

তিনি বলেন, দাবি করা হচ্ছে– এক্স হ্যান্ডেলের পাসওয়ার্ড হ্যাক হয়েছিল। যদি তাই হতো, তাহলে ফেসবুক আইডি আছে, দলীয় মিডিয়া আছে, তাৎক্ষণিক জানানো হয়নি? দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠার পর উনারা বলছেন, আইডি হ্যাক হয়েছিল।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির বলেন, দেশের মানুষ এত কাঁচা মাথা নিয়ে ঘোরে না। যদি কোনো আইডি হ্যাক হয়, সেটি উদ্ধার করতে নির্দিষ্ট সময় লাগে। আসলে তাঁর (জামায়াত আমির) আইডি নয়, মাথা হ্যাক হয়েছে। তিনি নিজেই নিজের মুখোশ উন্মোচন করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি নারীরা ব্যালটের মাধ্যমে জামায়াত আমিরের বক্তব্যের জবাব দেবে বলে মন্তব্য করেন তিনি।

Ad 300x250

সম্পর্কিত