জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

বগুড়া-৬

বগুড়ায় তারেক রহমানকে জয়ী করতে মাঠে বিএনপি, জয়ী হতে আশাবাদী জামায়াতও

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বগুড়া

তারেক রহমান। স্ট্রিম গ্রাফিক

সারা দেশের মতো বগুড়া জেলাজুড়ে বইছে নির্বাচনী হাওয়া। তবে এবারের নির্বাচনে বিশেষ মাত্রা যোগ করেছে বগুড়া-৬ (সদর) আসন। এই আসনে প্রথমবারের মতো প্রার্থী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলের শীর্ষ নেতাকে প্রার্থী হিসেবে পেয়ে সদর উপজেলার ৪ লাখ ৪৯ হাজার ১৫২ জন ভোটারের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

বগুড়া-৬ আসনে এবার পুরুষ ভোটার ২ লাখ ২০ হাজার ৩০১ জন, নারী ভোটার ২ লাখ ২৮ হাজার ৮৪১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন। তারেক রহমানের প্রার্থিতা ঘোষণার পর থেকেই জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো প্রতিদিন সভা, সমাবেশ ও গণসংযোগ চালিয়ে যাচ্ছে। চলতি মাসের শেষের দিকে তারেক রহমানের বগুড়ায় আসার কথা রয়েছে।

বগুড়া সদর উপজেলা বিএনপি সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল জানান, দলীয় চেয়ারম্যানকে বিপুল ভোটে বিজয়ী করতে ইতিমধ্যেই সব ভোটকেন্দ্রে কমিটি গঠন করা হয়েছে।

বগুড়া শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু বলেন, ‘তারেক রহমান প্রার্থী হওয়ায় সাধারণ মানুষের মধ্যেও প্রাণের সঞ্চার হয়েছে। বিশেষ করে নারী ভোটারদের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি।’

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, এই আসনের মানুষ ধানের শীষের জন্য অপেক্ষা করে। এবারও তারেক রহমান বিপুল ভোটে বিজয়ী হবেন।

বিএনপির শক্ত অবস্থানের বিপরীতে এ আসনে শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল দলীয় প্রার্থী হিসেবে সক্রিয় রয়েছেন। তিনি জয়ের ব্যাপারে আশাবাদী হয়ে বলেন, ‘জামায়াতের অবস্থা যেকোনো সময়ের চেয়ে এখন বেশি সুসংগঠিত। সদর আসনে অতীতেও জামায়াত বিজয়ী হয়েছে। এবারও আমরা জয়ের লক্ষ্যেই কাজ করছি।’

এছাড়াও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আ ন ম মামুনুর রশিদ, জেএসডি-র আব্দুল্লাহ আল ওয়াকি এবং বাসদ-এর অ্যাডভোকেট দিলরুবা নূরী।

বগুড়ার বিশিষ্টজনেরাও এই নির্বাচন নিয়ে উচ্ছস্বিত। বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সাইরুল ইসলাম বলেন, ‘বগুড়ায় যত উন্নয়ন হয়েছে তার সিংহভাগই বিএনপির আমলে। আধুনিক বগুড়ার রূপকার তারেক রহমানের নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে।’

একই অভিমত ব্যক্ত করেন জাতীয় সাংবাদিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মমিনুর রশিদ সাইন। তিনি বলেন, উন্নয়নের ধারা বজায় রাখতে তারেক রহমানের বিকল্প নেই।

সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, জামায়াতের প্রার্থী ভালো মানুষ হিসেবে পরিচিত হলেও উন্নয়নের স্বার্থে এবং রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় তারেক রহমানের প্রতি তাদের বড় অংশই আস্থাশীল। সব মিলিয়ে বগুড়া-৬ আসনে এখন এক টানটান উত্তেজনাপূর্ণ নির্বাচনী লড়াইয়ের অপেক্ষা।

সম্পর্কিত