জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

সাত প্রার্থী বিজয়ী, কার ঘরে গেল বিদ্রোহীদের ভোট

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২: ৫৫
দলীয় বিদ্রোহী না থাকলে এসব আসনে বিএনপির জয়ের সম্ভাবনা বেশি ছিল। স্ট্রিম গ্রাফিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন ২৭৩ স্বতন্ত্র প্রার্থী। তাদের মধ্যে বিএনপি থেকে বিদ্রোহী হয়েছিলেন ৭৯ জন। স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয় পেয়েছে। তাদের মধ্যে পাঁচজন ধানের শীষ এবং একজন শাপলা কলি ও আরেকজন বিএনপির জোটের শরিক খেজুর গাছ প্রতীকের বিরুদ্ধে জয় পেয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ২৯৯ আসনে ভোট হয়েছে। শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে, পরে নির্বাচন হবে। ইতোমধ্যে ২৯৯ আসনের মধ্যে ২৯৭টির বেসরকারি ফলাফল এসেছে। দুটি আসনে ফলাফল স্থগিত রাখা হলেও, প্রাপ্ত ভোটের হিসাবে সেখানে বিএনপির প্রার্থীরা বিজয়ী হচ্ছেন।

কার ঘরে বিদ্রোহী ৭২ আসনের ভোট

বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে ৪৮ জন ধানের শীষ নিয়ে জয় পেয়েছেন। দুটিতে বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলনের প্রার্থী নির্বাচিত হয়েছেন। অন্যদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকা আসনের ১৬টিতে জামায়াত, জামায়াত সমর্থিত এনসিপি (শাপলা কলি) ও বাংলাদেশ খেলাফত মজলিস (রিকশা) দুটি এবং একটিতে খেলাফত মজলিসের (দেয়াল ঘড়ি) প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিদ্রোহী না থাকলে এসব আসনেও বিএনপির জয়ের সম্ভাবনা বেশি ছিল।

ধানের শীষ বিজয়ী হয়েছে ৪৮ আসনে। সেগুলো হলো– ঠাকুরগাঁও-২, দিনাজপুর-২, নওগাঁ-১, নওগাঁ-৩, নওগাঁ-৬, রাজশাহী-৫, নাটোর-১, নাটোর-৩, কুষ্টিয়া-১, নড়াইল-১, বাগেরহাট-৩, বরিশাল-১, ঝালকাঠী-১, টাঙ্গাইল-১, টাঙ্গাইল-৫, জামালপুর-৩, ময়মনসিংহ-৩, ময়মনসিংহ-৭, ময়মনসিংহ-৮, ময়মনসিংহ-৯, ময়মনসিংহ-১০, ময়মনসিংহ-১১, নেত্রকোনা-৩, কিশোরগঞ্জ-১, মানিকগঞ্জ-১, মানিকগঞ্জ-৩, মুন্সীগঞ্জ-১, মুন্সীগঞ্জ-৩, নরসিংদী-৫, নারায়ণগঞ্জ-১, নারায়ণগঞ্জ-২, নারায়ণগঞ্জ-৩, রাজবাড়ী-২, গোপালগঞ্জ-২, মাদারীপুর-২, সুনামগঞ্জ-৩, সুনামগঞ্জ-৪, মৌলভীবাজার-৪, হবিগঞ্জ-১, হবিগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-১, ব্রাহ্মণবাড়িয়া-৫, কুমিল্লা-২, কুমিল্লা-৯, নোয়াখালী-২, খাগড়াছড়ি, চট্টগ্রাম-১৪ ও পিরোজপুর-২।

১৬ আসনে জিতেছে দাঁড়িপাল্লা। এগুলো হলো– নীলফামারী-৪, রংপুর-৩, গাইবান্ধা-৫, পাবনা-৩, পাবনা-৪, ঝিনাইদহ-৪, যশোর-২, যশোর-৫, নড়াইল-২, বাগেরহাট-১, বাগেরহাট-২, বাগেরহাট-৪, সাতক্ষীরা-৩, শেরপুর-১, ময়মনসিংহ-৬ ও চট্টগ্রাম-১৬। বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদ পটুয়াখালী-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলন; নোয়াখালী-৬ ও নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি সমর্থিত, ময়মনসিংহ-২ ও মাদারীপুর-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস এবং সিলেট-৫ আসনে বিজয়ী হয়েছেন খেলাফত মজলিসের প্রার্থী।

বিজয়ী ৭ স্বতন্ত্র প্রার্থী

৭৯ আসনে বিএনপির ধানের শীষ প্রতীক চেয়েও মনোনয়ন না পাওয়া ৮৯ নেতা এই নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। এর মধ্যে বিজয়ী সাতজন হলেন– দিনাজপুর-৫ আসনে তালা প্রতীকে এজেডএম রেজওয়ানুল হক, কিশোরগঞ্জ-৫ আসনে হাঁস প্রতীকে শেখ মজিবুর রহমান ইকবাল, কুমিল্লা-৭ আসনে কলস প্রতীকে আতিকুল আলম শাওন, টাঙ্গাইল-৩ আসনে মোটরসাইকেল প্রতীকে লুৎফর রহমান খান আজাদ, ময়মনসিংহ-১ আসনে ঘোড়া প্রতীকে মোহাম্মদ সালমান ওমর, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হাঁস প্রতীকে ব্যারিস্টার রুমিন ফারহানা ও চাঁদপুর-৪ আসনে চিংড়ি মাছ প্রতীকে আবদুল হান্নান। তাদের প্রত্যেককে দলীয় সিদ্ধান্ত না মেনে নির্বাচন করায় বহিষ্কার করেছে বিএনপি।

দিনাজপুর-৫ আসনে ৪ হাজার ৭০২ ভোট বেশি পেয়ে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শরিক এনসিপির শাপলা কলির প্রার্থী আব্দুল আহাদকে হারিয়েছেন রেজওয়ানুল হক। এখানে ধানের শীষের প্রার্থী ছিলেন একেএম কামরুজ্জামান।

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল জয়ী হয়েছেন। তাঁর মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন ধানের শীষের সৈয়দ এহসানুল হুদা। কুমিল্লা-৭ আসনে বিএনপির বিদ্রোহী আতিকুল আলম শাওন তাঁর মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির ড. রেদোয়ান আহমেদকে প্রায় দ্বিগুণ ভোটে পরাজিত করেছেন।

টাঙ্গাইল-৩ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসিরকে হারিয়েছেন দলের বিদ্রোহী লুৎফর রহমান খান আজাদ। ময়মনসিংহ-১ আসনে বিএনপির প্রার্থী সৈয়দ এমরান সালেহকে পরাজিত করেছেন একই দলের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর।

চাঁদপুর-৪ আসনে বিএনপির বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী এমএ হান্নান চিংড়ি প্রতীকে নির্বাচিত হয়েছেন ৫ হাজার ২০ ভোটের ব্যবধানে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ধানের শীষের হারুনুর রশিদ। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের জুনায়েদ আল-হাবীবকে হারিয়েছেন বিএনপির বিদ্রোহী ব্যারিস্টার রুমিন ফারহানা।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত