তারেক রহমান জুলাই আন্দোলনের পটভূমি রচনা করেছেন: রিজভী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১৯: ২২
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই জুলাই মাসের আন্দোলন ও ৫ আগস্ট ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পটভূমি রচনা করেছেন।’

আজ শনিবার (৪ অক্টোবর) সকালে জাতীয়তাবাদী প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘তারেক রহমান জুলাইয়ের আন্দোলন এবং ৫ আগস্ট ফ্যাসিবাদের পতনের যুগান্তকারী আন্দোলনের পটভূমি রচনা করেছেন। তিনি দূরে থেকেও নেতৃত্ব দিয়ে গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছেন। আমরা সেই ধারাতেই রাজনীতি করছি।’

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘যুগ যুগ ধরে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদীরা চক্রান্ত চালিয়ে এসেছে, সেই চক্রান্ত এখনো অব্যাহত রয়েছে। তারা নানা কৌশলে এদেশের জাতীয়তাবাদকে বিনষ্ট করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ অন্ধকার দূর করে জাতীয়তাবাদের পতাকা এবং স্বাধীনতার পতাকাকে দৃঢ়ভাবে ধরে রাখবে।’

ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের আন্দোলন-পরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সবাই তাকে সমর্থন করেছে। কিন্তু আমরা দেখতে পেলাম ভারতে অসুরের মূর্তি বানানো হয়েছে ড. ইউনূসের চেহারা দিয়ে। এটি অত্যন্ত নিম্নরুচি ও অপসংস্কৃতির পরিচয়।’

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে রিজভী বলেন, ‘আমরা আশা করি, আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সেই প্রস্তুতি নিয়েছে বলেই বিশ্বাস করি। জনগণও প্রস্তুত। তাই নতুন কোনো ইস্যু তৈরি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা ব্যর্থ হবে।’

রুহুল কবির রিজভী বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস সাহেবের প্রতি আমাদের দলের আস্থা আছে।আমরা আশা করি, তিনি এমন ব্যক্তিদের নিয়োগ দেবেন যারা নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে এবং কোনো দলের আজ্ঞাবহ হবে না।’

প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের অনুগত কর্মকর্তাদের বসানো হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। রিজভী বলেন, ‘আজকে প্রশাসনের বিভিন্ন জায়গায় একটি ইসলামপন্থি রাজনৈতিক দলের মনোভাবাপন্ন লোকজনদের খুব কৌশলে বসানো হচ্ছে। এতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জনগণ তা প্রত্যক্ষ করছে।’

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ তুলে ধরে রিজভী বলেন, ‘বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করার নানা প্রক্রিয়া চলছে। কিন্তু হিন্দু-মুসলমান, আলেম-ওলামা, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, মাদরাসার ছাত্র সবাই একসঙ্গে পূজামণ্ডপ পাহারা দিয়েছে। এটাই আমাদের ঐতিহ্য, সম্প্রীতির ঐতিহ্য।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত