আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক বিএনপি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার (২৩ জুন)। দিবসটি ঘিরে সম্ভাব্য অপতৎপরতার আশঙ্কায় সরকার গোপালগঞ্জসহ ছয় জেলায় সেনা মোতায়েন করেছে। একইসঙ্গে ক্ষমতাসীন বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো মাঠে সতর্ক অবস্থানে থাকার প্রস্তুতি নিয়েছে।

সোমবার (২২ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের শীর্ষ নেতাদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বলছেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে গত কয়েক দিনে বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনও নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মাঠে নামার চেষ্টা করতে পারেন। তবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা মোকাবিলা করবে। এরপরও সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী যুবদল। সংগঠনের দাবি, অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর এলাকায় এই কর্মসূচি পালন করা হবে।

যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেল বলেন, কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী আন্দোলনের নামে দেশে নাশকতা, সহিংসতা কিংবা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে যুবদলের নেতাকর্মীরা সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবেন।

তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা ও দেশের স্থিতিশীলতা রক্ষায় যুবদল রাজপথে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান সোহেল।

ছাত্রদলের কোনো আনুষ্ঠানিক কর্মসূচি না থাকলেও সংগঠনটির নেতাকর্মীদের শিক্ষাপ্রতিষ্ঠান ও নিজ নিজ এলাকায় সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ছাত্রদলের কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই। তবে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কেউ অস্থিতিশীলতা বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে ছাত্রদল সতর্ক থাকবে। আইনশৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের।

জানা গেছে, যুবদল ও ছাত্রদলের পাশাপাশি স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অন্যান্য সংগঠনের নেতাকর্মীদেরও মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন বলেন, গত দুদিন ধরে সংগঠনের নেতাকর্মীরা মাঠে রয়েছেন। মঙ্গলবারও তাঁরা সতর্ক অবস্থানে থাকবেন।

তিনি দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা তাদের দোসররা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত