জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

রমজান মাসে মুসলমানদের গুরুত্বপূর্ণ যত যুদ্ধজয়

‎ওলিউর রহমান
‎ওলিউর রহমান

প্রতীকী ছবি

মুসলমানদের সাম্প্রতিক সময়ের ইতিহাস পরাজয়ের ইতিহাস। আরাকান, কাশ্মীর, জিনজিয়ান, আফগান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান, ইয়েমেন—সর্বত্রই মুসলমানদের চরম দুর্দিন৷ কোথাও তারা বহিঃশত্রুর আক্রমণে পর্যদুস্ত, কোথাও অভ্যন্তরীণ এবং জাতিগত কোন্দলে বিপর্যস্ত।

‎প্রতি বছর রমজান মাস এলে হয়ত কোনো মুসলিম ভূখণ্ড নতুন করে আক্রমণের শিকার হয়৷ কিংবা আক্রান্ত মুসলিম জনপদে খাদ্য-চিকিৎসার সংকটে চরম দু্র্দশা দেখা দেয়। কোনো বছর রমজানে আমাদেরকে রোহিঙ্গা মুসলমানদের জন্য সংহতি জানাতে হয়৷ কোনো বছর ফিলিস্তিন, কাশ্মীর, উইঘুরের মুসলমানদের ওপর নিগ্রহে বিরুদ্ধে বিক্ষোভ করতে হয়৷ এ ধারার সর্বশেষ সংযোজন হল ইরান।

‎অথচ ঐতিহাসিকভাবে রমজান ছিল মুসলমানদের যুদ্ধজয়ের মাস৷ ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ অনেকগুলো বিজয় রমজান মাসে লাভ হয়েছে। রমজান মুসলমানদের জন্য প্রতিশ্রুত সাহায্যের মাস। মুসলিম বীরেরা রমজান মাসে রোজা রেখেই কোথাও শত্রুর আক্রমণ প্রতিহত করেছেন, কোথাও নতুন ভূখণ্ড জয় করেছেন৷ চলুন জেনে নেওয়া যাক মুসলমানদের রমজানে জয় লাভ করা কয়েকটা যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণী।

‎বদর যুদ্ধ

‎‎এটি ইসলামের ইতিহাসের প্রথম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ যুদ্ধ৷ ৬২৪ খ্রিস্টাব্দের রমজান মাসে এ যুদ্ধ সংগঠিত হয়। রাসূল সা. ৩১৩ জন সাহাবীর অতি সাধারণ এক বাহিনী নিয়ে বদর প্রান্তরে মক্কা থেকে আগত ১ হাজার অস্ত্র সজ্জিত সেনাদলের মুখোমুখি হন। আল্লাহর সাহায্য এবং রাসূল সা. এর সুপরিকল্পিত রণকৌশল এর ফলে মুসলমানরা এ যুদ্ধে বিজয় লাভ করে৷ আবু জাহেল, উৎবা, শায়বা সহ কাফেরদের সম্মুখসারীর নেতারা সবাই নিহত হয়।

‎মক্কা বিজয়

‎কোরাইশ কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাসূল সা. সাহাবীদের নিয়ে জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। অতপর কয়েকবার যুদ্ধে পরাজিত হয়ে ৬ ষ্ঠ হিজরী সনে কোরাইশ সরদারেরা মুসলমানদের সাথে ১০ বছর যুদ্ধবিরতির ঐতিহাসিক সন্ধিচুক্তি করে৷ কিন্তু ২ বছরের মাথায় কাফেররা চুক্তি ভঙ্গ করলে ৮ম হিজরী সনের রমযান মাসে রাসূল সা. সাহাবিদের নিয়ে মদীনা থেকে মক্কা অভিমুখে রওয়ানা হন৷ এবং প্রায় বিনা বাধায়, বিনা রক্তপাতে জন্মভূমি মক্কা জয় করেন। মক্কা জয়ের পর রাসূল সা. সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন।

‎তাবুক যুদ্ধ

‎মক্কা বিজয়ের পরের বছরের মাঝামাঝি সময়ে রাসূল সা. গোয়েন্দা মারফত খবর পেলেন রোম সম্রাট হিরাক্লিয়াস বিশাল সৈন্যদল নিয়ে মুসলমানদের আক্রমণের পরিকল্পনা করছে৷ রাসূল সা. রুমের আক্রমণ প্রতিহত করতে ৩০ হাজার সাহাবায়ে কেরামের একটি সেনাদল নিয়ে মদীনা থেকে ৬ শত কিলোমিটার দূরের তাবুক অভিমুখে রওয়ানা দেন৷ কিন্তু ঘটনাস্থলে পৌঁছার পর দেখা হেল রোমান বাহিনী রণভঙ্গ দিয়ে পালিয়ে গেছে৷ ঐতিহাসিক এই তাবুক বিজয় সংঘটিত হয়েছিল ৯ম হিজরী সনের রমযান মাসে।

‎স্পেন বিজয়

‎ইসলামের ইতিহাসের উল্লেখযোগ্য বিজয়গুলোর অন্যতম ছিল স্পেন বিজয়। ৯৩ হিজরী সনের রমজান মাসে সেনাপতি তারিক বিন যিয়াদ এবং মুসা বিন নুসাইরের নেতৃত্বে মুসলিম বাহিনী স্পেন বিজয় করে৷ এই বিজয়ের ফলে ইউরোপের মানচিত্রে ইসলামের পতাকা উড্ডীন হয়।

‎আইনে জালুত এর যুদ্ধ

‎‎চেঙ্গিস খানের উত্তরসুরী হালাকু খান যখন দুর্ধর্ষ মঙ্গোল বাহিনী নিয়ে যখন মুসলমানদের খেলাফতের রাজধানী বাগদাদকে পদানত করে একের পর এক শহরে তাণ্ডব ও ধংযজ্ঞ চালিয়ে আরও পশ্চিমে অগ্রসর হচ্ছিল তখন তার অগ্রযাত্রা রোধ করে মিশরীয় মামলুক বাহিনী৷ মামলুক সুলতান সাইফুদ্দীন কুতুয এবং রুকনুদ্দীন বাইবার্স ৬৫৮ হিজরী সনের রমযান মাসে আইনে জালুত নামক স্থানে মঙ্গোল ঝড় রুখে দেন৷ মিশরে মঙ্গোল বাহিনী পরাজয়ের শিকার হলে তাদের মনোবল দুর্বল হয়ে পড়ে৷

‎এছাড়াও আরও অনেক যুদ্ধেই মুসলমানরা রমজানে জয় লাভ করেছেন। সাম্প্রতিক সময়ের মতো রমজান কখনও মুসলমানদের পরাজয়ের মাস ছিল না।

‎তবে ইতিহাসের বিজয়গাথা কেবল স্মরণ করার জন্য নয়; বরং তা আমাদের জন্য অতীতকে দেখার আয়না স্বরূপ। যদি আয়নায় আমরা নিজেদের দুর্বলতা দেখতে না চাই, তবে অতীতের গৌরবও আমাদের বাঁচাতে পারবে না।

  • মাওলানা ওলিউর রহমান: শিক্ষক, মাদরাসাতুল মুত্তাকীন, উত্তরা, ঢাকা
সর্বাধিক পঠিত

সম্পর্কিত