বাংলাদেশের রানের চাপায় অস্ট্রেলিয়া, লিড ২০০ ছাড়াল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

টেস্ট ক্যারিয়ারের দশম ফিফটি তুলে নেন মেহেদী হাসান মিরাজ। ছবি: ক্রিকইনফো

ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা।

আগের দিনের অপরাজিত দুই ব্যাটার মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ অজি বোলারদের বাউন্সার ও সুইং সামলে লড়াই চালালেও হ্যাজলউডের বলে ১৪ রানে এলবিডব্লিউ হন হাসান মাহমুদ। ভেঙে যায় ১৭০ বলে ৪৬ রানের জুটি।

হাসান আউট হওয়ার পর ক্রিজে এসে মিরাজের সঙ্গে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন তাইজুল ইসলাম। তবে হ্যাজলউডের বলে গালিতে থাকা ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে ১৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর তাসকিন আহমেদকে সঙ্গে নিয়ে দায়িত্বশীল ব্যাটিং চালিয়ে যান মিরাজ। প্যাট কামিন্সের বলে সিঙ্গেল নিয়ে দলীয় লিড দুই শ পার করানোর পাশাপাশি নিজের টেস্ট ক্যারিয়ারের ১০তম ফিফটি তুলে নেন এই অলরাউন্ডার।

তাসকিন আহমেদ ১২৯তম ওভারে অজি অধিনায়ক প্যাট কামিন্সকে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরে দলের রান ৪০০ পার করান। ঠিক পরের বলেই তাসকিনের সহজ ক্যাচ ছেড়ে দেন স্টিভেন স্মিথ। ওই একই ওভারে ট্রাভিস হেডও ডাইভ দিয়ে মিরাজের একটি কঠিন ক্যাচ মিস করেন। শেষ পর্যন্ত অপরাজিত থেকে মধ্যাহ্ন বিরতিতে যান মিরাজ (৬৫*) ও তাসকিন (৬*)।

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিনের প্রথম সেশনে):

অস্ট্রেলিয়া (১ম ইনিংস): ১৯৮/১০ (স্মিথ ৭১; হাসান ৬/৫৫)

বাংলাদেশ (১ম ইনিংস): ৪১৭/৮ (তানজিদ ১০১, শান্ত ৮৪, মিরাজ ৬৫*; স্টার্ক ২/৭৯, হ্যাজলউড ৪/৮৬)

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

বাংলাদেশের রানের চাপায় অস্ট্রেলিয়া, লিড ২০০ ছাড়াল