দুয়ের চমকে অ্যাস্টন ভিলাকে হারিয়ে সুপার কাপ পিএসজির

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

সুপার কাপের ট্রফি হাতে পিএসজির খেলোয়াড়দের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স

নতুন মৌসুমের শুরুতেই ট্রফি জয়ের স্বাদ পেল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। অস্ট্রিয়ার রেড বুল অ্যারেনায় রোমাঞ্চকর ফাইনালে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার উয়েফা সুপার কাপ জিতেছে বর্তমান চ্যাম্পিয়নস লিগজয়ীরা।

ম্যাচের ২০তম মিনিটেই ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে পিএসজিকে প্রথম এগিয়ে দেন খভিচা কভারাতসখেলিয়া। গোল হজমের পর আক্রমণের গতি বাড়ায় ভিলা। প্রথমার্ধের শেষ মুহূর্তে জন ম্যাকগিনের ক্রস থেকে দুর্দান্ত ভলিতে গোল করে ভিলাকে সমতায় ফেরান ১৭ বছর বয়সী ব্রায়ান মাডজো। এর মাধ্যমে সুপারকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হয়ে যান তিনি।

বিরতির পর আবারও আক্রমণের ধার বাড়ায় পিএসজি। ৬১তম মিনিটে ওসমান দেম্বেলের পাস ধরে ভিলার জালে বল পাঠান ২১ বছর বয়সী দেজিরে দুয়ে। সহকারী রেফারি প্রথমে অফসাইডের সংকেত দিলেও ভিএআরের পর্যালোচনায় গোলটি বৈধ ঘোষণা করা হয়।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়ে টানা দ্বিতীয়বার সুপার কাপের ট্রফি উঁচিয়ে ধরে লুইস এনরিকের দল। নতুন মৌসুমে এটিই পিএসজির প্রথম ট্রফি। আগামী রোববার ফরাসি সুপার কাপের ম্যাচে লঁসের মুখোমুখি হবে লুইস এনরিকের দল।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত