পেলের ক্লাবে বাংলাদেশের শমিত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

স্ট্রিম গ্রাফিক

ফুটবল সম্রাট পেলের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশের শমিত সোম। চলতি ইউএসএল লিগ ওয়ানের বাকি মৌসুমের জন্য শমিতকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে নিউইয়র্ক কসমস।

পেলে ছাড়াও এই ক্লাবে খেলেছেন জার্মানির ‘কাইজার’ ফ্রাঞ্জ বেকেনবাউয়ার, ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কার্লোস আলবার্তো, ইতালির কিংবদন্তি জর্জো কিনালিয়ার মতো ফুটবলের মহাতারকারা।

প্রায় এক দশকের পেশাদার ক্যারিয়ারে মেজর লিগ সকার (এমএলএস) ও কানাডিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার অভিজ্ঞতা রয়েছে শমিতের। তাঁকে স্বাগত জানিয়ে সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে কসমস বলেছে, ‘শমিতের অভিজ্ঞতা, খেলার মান ও আন্তর্জাতিক পরিমণ্ডলের উপস্থিতি দলের মাঝমাঠে নতুন শক্তি যোগ করবে।’

চুক্তির পর নিউইয়র্ক থেকে দেওয়া এক ভার্চুয়াল বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করেন শমিত। ঐতিহাসিক এই ক্লাবের অংশ হওয়াকে অবিশ্বাস্য অনুভূতি উল্লেখ করেন তিনি। বলেন, ‘ছোটবেলা থেকে পেলের মতো কিংবদন্তির সঙ্গে জড়িয়ে থাকা কসমসের গল্প শুনে বড় হয়েছি। এবার সেই ক্লাবের জার্সি পরতে পারা আমার জন্য সৌভাগ্যের। বাংলাদেশের প্রতিনিধিত্ব করে কসমসকে সাফল্য এনে দিতে নিজের সেরাটা দিতে চাই আমি।’

চলতি মৌসুমে খেলোয়াড়দের চোটের কারণে কঠিন সময় পার করছে কসমস। দলের মাঝমাঠে শমিত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন কোচ ডেভিড কর্টি। তাঁর মতে, বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেন এবং এমএলএস ও আন্তর্জাতিক ফুটবলের অভিজ্ঞতা রয়েছে- এমন একজন খেলোয়াড় এই সময়ে কসমসের প্রয়োজন ছিল।

কানাডায় জন্ম নেওয়া শমিত আগে এমএলএসের মন্ট্রিয়ল ইমপ্যাক্টের হয়ে অর্ধশতাধিক ম্যাচ খেলেছেন। পরে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্যাভালরি এফসিতে তিন মৌসুম কাটিয়ে আবার মার্কিন ফুটবলে ফিরলেন তিনি।

আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতে কানাডার হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলেছিলেন শমিত। পরে ফিফার নিয়ম অনুযায়ী বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পান। লাল-সবুজ জার্সিতে এখন পর্যন্ত আট ম্যাচে একটি গোল শমিতের।

কসমসের মাঝমাঠে শমিত ও ওজি রামোসের অভিজ্ঞ জুটি দলটিকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে বলে আশা করছেন সমর্থকরা। আগামী ম্যাচেই নিউইয়র্ক কসমসের জার্সিতে অভিষেক হতে পারে বাংলাদেশি শমিতের।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত