শাহজালাল বিমানবন্দরে পড়ে থাকা পণ্য ই-নিলামে

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট ইউনিট এবং এক্সপ্রেস সার্ভিস ইউনিটের কর্মউপযোগিতা ও সক্ষমতা বাড়াতে বিশেষ ই-নিলামের উদ্যোগ নিয়েছে ঢাকা কাস্টমস হাউস। কাস্টমস হাউসের অধীনে থাকা এই দুই ইউনিটে পড়ে থাকা বিভিন্ন প্রকার মালামাল ‘যেখানে যে অবস্থায় আছে’ ভিত্তিতে বিক্রির জন্য নির্ধারিত ই-নিলাম ওয়েবসাইটের মাধ্যমে দরপত্র আহ্বান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জারিকৃত বিশেষ নির্দেশনার ভিত্তিতে সংরক্ষিত মূল্য ব্যতীত প্রথম নিলামে কোনো লটের বিপরীতে প্রাপ্ত সর্বোচ্চ মূল্যে সংশ্লিষ্ট লটের পণ্য নিলামে বিক্রি করা হবে।

আগ্রহী নিলাম ক্রেতারা আগামীকাল শুক্রবার (১৯ জুন) সকাল ৯টা থেকে আগামী ২ জুলাই দুপুর ১টা পর্যন্ত কাস্টমসের নির্ধারিত ওয়েবসাইটে রেজিস্ট্রেশন বা বিডার লগইন করে এই ই-নিলামে অংশ নিতে পারবেন। এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ড ও ঢাকা কাস্টমস হাউসের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমেও এই ই-নিলাম পোর্টালে প্রবেশ করা যাবে।

সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় এই নিলাম কার্যক্রম পরিচালিত হবে। নিলাম প্রক্রিয়াকে আরও প্রতিযোগিতামূলক করার লক্ষ্যে দরদাতাদের জন্য সরেজমিনে পণ্য পরিদর্শন করে অনলাইনে বিড করার সুযোগ রাখা হয়েছে। অনলাইনের পাশাপাশি জামানতের পে-অর্ডার ও আনুষঙ্গিক কাগজপত্র দরপত্র বাক্সে দাখিল করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত সর্বোচ্চ দরদাতাদের ‘আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪’ এর প্রযোজ্য শর্ত মেনে পণ্যগুলো খালাস করতে হবে।

ই-অকশন সফটওয়্যারের মাধ্যমে অংশগ্রহণকারী দরদাতাদের তথ্য আগামী ২ জুলাই দুপুর তিনটায় ঢাকা কাস্টমস হাউসের সম্মেলন কক্ষে প্রকাশ করা হবে। নিলামসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য দরদাতাদের ই-অকশন পোর্টাল পরিদর্শনের অনুরোধ জানানো হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মউপযোগিতা ও সক্ষমতা বাড়াতে এই নিলাম কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত