১১ মাসে রাজস্ব ঘাটতি ৮১ হাজার কোটি টাকা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২১ জুন ২০২৬, ২৩: ১৪
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। স্ট্রিম গ্রাফিক

চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৮১ হাজার ৪৪২ কোটি টাকা। রোববার (২১ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মে ২০২৬ পর্যন্ত ৪ লাখ ৪২ হাজার ৮৪ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ৮১ দশমিক ৫৮ শতাংশ।

তবে ঘাটতি থাকলেও বিগত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায়ে ১০ দশমিক ০২ শতাংশ প্রবৃদ্ধি রয়েছে। গত অর্থবছরের প্রথম ১১ মাসে আদায়ের পরিমাণ ছিল ৩ লাখ ২৭ হাজার ৭৮৫ দশমিক ৭৮ কোটি টাকা, যার বিপরীতে এবার ৩২ হাজার ৮৫৬ কোটি ২২ লাখ টাকা বেশি আদায় হয়েছে।

চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে কাস্টমস অনুবিভাগের আদায়ের প্রবৃদ্ধি ৭ দশমিক ০৮ শতাংশ, ভ্যাট অনুবিভাগের প্রবৃদ্ধি ১০ দশমিক ০৫ শতাংশ এবং আয়কর অনুবিভাগের আদায়ের প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৫৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি জুন মাসের প্রথম ২০ দিনে ২৯ হাজার ৩১১ কোটি টাকা রাজস্ব আদায়সহ ২০ জুন পর্যন্ত মোট আদায় দাঁড়িয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৯৫৩ কোটি টাকা।

এনবিআর আশা করছে, জুনের শেষ ১০ দিনে আরও ২৫ হাজার কোটি টাকা আদায়ে চলতি অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব। তবে এই লক্ষ্য অর্জন হলেও তা চলতি অর্থবছরের মোট সংশোধিত লক্ষ্যমাত্রা ৫ লাখ ৩ হাজার কোটি টাকা থেকে ৮৮ হাজার কোটি টাকা কম।

এই ঘাটতি কাটাতে এবং আদায়ের গতি ত্বরান্বিত করতে আয়কর, ভ্যাট এবং কাস্টমস অনুবিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে তিনটি পৃথক টাস্কফোর্স গঠন করা হয়েছে।

এই টাস্কফোর্সগুলো আপিল, ট্রাইব্যুনাল, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করাসহ কর আদায় বৃদ্ধির নানামুখী উদ্যোগ নিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কর ফাঁকি রোধ, স্বয়ংক্রিয় অডিট নিষ্পত্তি ও মনিটরিং জোরদার করা হচ্ছে। এ ছাড়া উচ্চ ঝুঁকিপূর্ণ করদাতাদের ভ্যাট ও আয়কর অডিট একসঙ্গে সম্পন্ন করা হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত