বাংলাদেশের শিক্ষার্থীদের ১ হাজার ফুটবল উপহার পাকিস্তানের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২১ জুন ২০২৬, ১৯: ২৬
শিক্ষামন্ত্রীর হাতে উপহার তুলে দেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি মন্ত্রণালয়ের সৌজন্যে

বাংলাদেশের স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ১ হাজার ফুটবল উপহার দিয়েছে পাকিস্তান। রোববার (২১ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের অফিসকক্ষে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতে এই উপহার হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতে দুই দেশের শিক্ষার উন্নয়ন, কারিগরি শিক্ষা ও বিভিন্ন দ্বিপক্ষীয় উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

বৈঠকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে কাজ করছে সরকার। দক্ষতার সার্বিক উন্নয়নে কারিগরি শিক্ষাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের একসঙ্গে কাজ করার বড় সুযোগ রয়েছে।

পাকিস্তানের হাইকমিশনার বলেন, শিক্ষার উন্নয়নে দুই দেশ একত্রে কাজ করছে। বিশেষ করে কারিগরি শিক্ষায় পাকিস্তানের সহযোগিতার সুযোগ রয়েছে।

এ সময় হাইকমিশনার শিক্ষামন্ত্রীকে পাকিস্তানের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করার আমন্ত্রণ জানান।

বৈঠক শেষে পাকিস্তানের হাইকমিশনার স্কুল ও কলেজের শিক্ষার্থীদের খেলাধুলার জন্য ১ হাজার ফুটবল উপহার হিসেবে শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেন।

এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ ওয়াজিফ উপস্থিত ছিলেন।

Ad 300x250

সম্পর্কিত