দেশে আরও ৪ ইঞ্জিনিয়ারিং কলেজ হবে: শিক্ষামন্ত্রী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ১৭: ৪৫
‘ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণ সভা ও সৃজনশীল শিক্ষার্থী সম্মাননা’ অনুষ্ঠানে কথা বলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সংগৃহীত ছবি

দেশে আরও চারটি নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (১ আগস্ট) ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শুধুমাত্র গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। উন্নত দেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের পরিকল্পনা নিয়েছেন এবং সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি।’

সারা বিশ্বে দক্ষ কারিগরি জনশক্তির চাহিদা রয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, প্রবাসীদের দক্ষ করে বিদেশে পাঠাতে পারলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। তাই কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে দেশে আরও ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হচ্ছে। এ সময় শিক্ষার্থীদের উদ্ভাবনী সক্ষমতা অর্জনের আহ্বান জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, জুলাই এদেশের মানুষের স্মৃতিপট থেকে কখনো হারাবে না। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদেশকে ধ্বংস করতে চেয়েছিল। এই জুলাই-আগস্টে শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশকে নতুন করে ফিরে পেয়েছি আমরা।’

শিক্ষামন্ত্রী অভ্যুত্থানে শহীদ কুমিল্লা সিসিএন পলিটেকনিকের শিক্ষার্থী শহীদ হামিদুর রহমান মজুমদার (সাদমান) ও কিশোরগঞ্জ সরকারি পলিটেকনিকের শিক্ষার্থী শহীদ সামিদ হোসেনের পরিবারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ ছাড়া ঢাকা সরকারি পলিটেকনিকের আহত শিক্ষার্থীদের উত্তরীয় পরিয়ে দেন।

ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মুস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব।

এর আগে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘ওরিয়েন্টেশন-২০২৬’ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়কে আমরা “সেন্টার অব এক্সিলেন্স” হিসেবে গড়ে তুলতে চাই। ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের হিসেবে গড়ে উঠবে।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত