ভারতের ভিডিও ছাত্রলীগ নেত্রীকে নির্যাতন বলে প্রচার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৬ মে ২০২৬, ২২: ৪১
স্ট্রিম গ্রাফিক

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, রাজধানীতে এক ছাত্রলীগ নেত্রীকে ছাত্রদলের নেতাকর্মীরা ধরে নিয়ে যাচ্ছেন। পোস্টের ক্যাপশনে লেখা, ‘রাজধানীতে ছাত্রলীগের নেত্রীকে ছাত্রদলের নেতারা মব করে ধরে নিয়ে যাচ্ছে, প্রকাশ্যে এই ধরনের কাজ বড় বড় উপদেশ দেওয়ার জাতি কোথায় আজ।’

তবে স্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, ভারতের বিহার রাজ্যের নালন্দায় নারীকে যৌন হয়রানির ঘটনার ভিডিও ঢাকার দাবিতে প্রচার হচ্ছে।

এ ধরনের পোস্ট দেখুন এখানে, এখানে

ওই ভিডিও পর্যবেক্ষণে দেখা যায়, কয়েকজন ব্যক্তি এক নারীকে জোর করে টেনে নিয়ে যাচ্ছেন। ভিডিওতে ঘটনাস্থল বা ছাত্রলীগ-ছাত্রদল সংশ্লিষ্ট কোনো তথ্য নেই। পোস্টগুলোতে ঘটনার স্থান, সময়, ভুক্তভোগীর পরিচয়, থানার তথ্য, মামলা বা নির্ভরযোগ্য কোনো সংবাদ প্রতিবেদনের সূত্র নেই।

ভিডিওর কি-ফ্রেম ধরে অনুসন্ধানে একটি এক্স অ্যাকাউন্টে একই ঘটনার ভিডিও পাওয়া যায়। গত ৩১ মার্চ প্রকাশিত ওই পোস্টে ঘটনাটি ভারতের বিহার রাজ্যের নালন্দা জেলার নূরসরাই থানার একটি গ্রামের বলে উল্লেখ রয়েছে।

এই সূত্র ধরে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন মতে, গত ২৬ মার্চ সন্ধ্যায় ভারতের বিহার রাজ্যের নালন্দায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী বাজার করে বাড়ি ফিরছিলেন। এ সময় স্থানীয় তিন যুবক তাঁকে টেনে নিয়ে যান এবং যৌন নিপীড়ন করেন।

প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনার ধারণা করা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ২৭ মার্চ ভুক্তভোগী স্থানীয় থানায় অভিযোগ করেন। অর্থাৎ, রাজধানীতে ছাত্রলীগ নেত্রীকে ছাত্রদলের নেতাকর্মীরা তুলে নিয়ে যাচ্ছেন এই দাবিতে ছড়ানো ভিডিও বাংলাদেশের নয়, বরং ভারতের।

সম্পর্কিত