রকস্টার, রইদ নাকি বনলতা সেন—এবারের ঈদে বাজিমাত করবে কোন সিনেমা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

স্ট্রিম গ্রাফিক

এবারের ঈদে মুক্তির অপেক্ষায় আছে দশটি সিনেমা। ঈদের দুই দিন আগেও চূড়ান্ত হয়নি সিনেমার সংখ্যা। একাধিক নির্মাতা ও প্রযোজক সিদ্ধান্ত নিতে পারছেন না, কী করবেন! গত রোজার ঈদেও ১৬ সিনেমা মুক্তির অপেক্ষায় ছিল। শেষ পর্যন্ত আলোর মুখ দেখে ৫টি।

এবারও মুক্তির তালিকায় আছে রকস্টার, রইদ, বনলতা সেন, মালিক, মাসুদ রানা, নাকফুলের কাব্য, পিনিক, তছনছ, অফিসার এবং দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল। তবে দর্শকের আগ্রহের চূড়ায় আছে পাঁচ সিনেমা।

রকস্টার

শাকিব খান অভিনীত ‘রকস্টার’ ঈদের আলোচিত সিনেমাগুলোর একটি। এই সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ কম নয়। গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রিন্স’ তেমন দর্শকপ্রিয়তা না পেলেও এই সিনেমা দিয়ে আবারও বক্স অফিসে তাণ্ডব করতে যাচ্ছে শাকিব খানের রকস্টার—এমনটাই মনে করছেন শাকিব-ভক্তরা।

নিজেকে ‘শাকিবিয়ান’ হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন এমন একজন ‘শাকিব খানের ভক্ত’ কথা বলেছেন ঢাকা স্ট্রিমের সঙ্গে। তিনি বলেন, ‘এবার রকস্টার বক্স অফিস কাঁপিয়ে দেবে। দিন গুনছি, ফার্স্ট শো-তেই দেখতে যাব মেগাস্টার শাকিব খানের রকস্টার।’

রকস্টার। সংগৃহীত ছবি
রকস্টার। সংগৃহীত ছবি

সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। ইতিমধ্যে সিনেমার প্রথম গান ‘পিরিতি’ প্রকাশ হওয়ার পর বেশ সাড়া ফেলেছে দর্শকের মধ্যে। গানের পাশাপাশি এসেছে দুটি টিজার। দ্বিতীয় টিজারে শাকিব খানের নায়িকা হিসেবে দেখা গেছে সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েককে। সিনেমার পোস্টার, অ্যানিমেশন টিজার ও অফিসিয়াল টিজারও প্রকাশ হয়েছে। এবারের ঈদে মুক্তির দৌড়ে এগিয়ে আছে সিনেমাটি।

রইদ

‘হাওয়া’ সিনেমার সফলতার পর আবারও নতুন চমক নিয়ে আসছেন পরিচালক মেজবাউর রহমান সুমন। এবারের সিনেমার নাম ‘রইদ’। ট্রেলারের পাশাপাশি প্রকাশ হয়েছে তিনটি গান। এর মধ্যে ‘রইদে আইলা গা জুড়াইতে’ ইতোমধ্যে দর্শকের প্রশংসা কুড়িয়েছে। সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীর জীবনসংগ্রাম নিয়ে সিনেমার গল্প সাজানো।

রইদ। সংগৃহীত ছবি
রইদ। সংগৃহীত ছবি

রইদে অভিনয় করেছেন নাজিফা তুশি, মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ। পোস্টার প্রকাশের পর থেকেই মানুষের আলোচনায় আসে সিনেমাটি। এখন গান প্রকাশ ও বিভিন্ন কনসার্টের মাধ্যমে প্রচারণা চালাচ্ছে পুরো টিম।

বনলতা সেন

সরকারি অনুদানে নির্মিত ‘বনলতা সেন’ সিনেমার পরিচালনায় আছেন মাসুদ হাসান উজ্জ্বল। সিনেমায় বনলতা সেন চরিত্রে দেখা যাবে মাসুমা রহমান নাবিলা, কবি জীবনানন্দ দাশের চরিত্রে আছেন খাইরুল বাশার। এ ছাড়া কবির বাস্তব জীবনের বিভিন্ন চরিত্র রূপে দেখা যাবে নাজিবা বাশার, গাজী রাকায়েত প্রমুখ।

বনলতা সেন। সংগৃহীত ছবি
বনলতা সেন। সংগৃহীত ছবি

সিনেমাটির টিজার, ট্রেলার এবং ‘এখানে কেউ নেই’ গানটি ইতিমধ্যে প্রকাশ হয়েছে। জীবনানন্দ দাশের ভক্তদের মনেও সিনেমাটি নিয়ে বেশ আগ্রহ দেখা যাচ্ছে।

মালিক

ঈদে মুক্তির আরেফিন শুব ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘মালিক’। সিনেমাটি পরিচালনা করেছেন সাইফ চন্দন। ইতিমধ্যে প্রকাশ হয়েছে দুটি পোস্টার ও অফিসিয়াল ট্রেলার।

প্রথম পোস্টারে শুভকে দেখা গেছে অ্যাকশন লুকে। আর দ্বিতীয় পোস্টারে রোমান্টিক আবহে দেখা যাচ্ছে তাকে।

কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় চরিত্র ‘মাসুদ রানা’ অবলম্বনে এই সিনেমার কাহিনী, তাই ভক্তদের আগ্রহ কম নয়। সংগৃহীত ছবি
কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় চরিত্র ‘মাসুদ রানা’ অবলম্বনে এই সিনেমার কাহিনী, তাই ভক্তদের আগ্রহ কম নয়। সংগৃহীত ছবি

মাসুদ রানা

সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ নিয়েও দর্শকদের কৌতূহল কম নয়। সিনেমায় অভিনয় করেছেন রাসেল রানা, পূজা চেরি ও ও সৈয়দা তিথি অমনি। সেবা প্রকাশনীর জনপ্রিয় বইয়ের আদলে প্রকাশ হয়েছে মাসুদ রানা সিনেমার প্রথম পোস্টার। পরে এসেছে ‘মাসুদ রানা গান রিলোড’ শিরোনামের একটি টিজার। সিনেমাটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া। কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় চরিত্র ‘মাসুদ রানা’ অবলম্বনে এই সিনেমার সৃষ্টি বলে ভক্তদের আগ্রহ কম নয়।

সম্পর্কিত