মানুষ কেন লাইক-শেয়ার দেয়: সোশ্যাল মিডিয়ায় সফল হতে আগে বুঝুন মন

সোশ্যাল মিডিয়ায় এখন অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর। কিন্তু সবাই কি সফল হতে পারছে? এর উত্তর কেবল ভালো এডিটিং, আকর্ষণীয় রঙ বা ঝকঝকে গ্রাফিক্সে লুকিয়ে নেই। এর পেছনে কাজ করে মানুষের মন, আবেগ, অভ্যাস, কৌতূহল এবং সামাজিক আচরণ। সোশ্যাল মিডিয়ার এই যুগে কন্টেন্ট তৈরি করা আসলে শুধু প্রযুক্তির কাজ নয়, মানুষের মন বোঝার কাজও।

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ২০: ১৪
স্ট্রিম গ্রাফিক

সোশ্যাল মিডিয়ায় আমরা প্রতিদিন অসংখ্য পোস্ট দেখি। কেউ ভিডিও বানায়, কেউ লিখে, কেউ ছবি দিয়ে গল্প বলতে চায়। কিন্তু এত কিছুর মধ্যে খুব কম পোস্টই আমাদের আঙুলকে থামাতে পারে। বেশিরভাগই স্ক্রল করতে করতেই চোখ এড়িয়ে যায়। প্রশ্নটা তাই গুরুত্বপূর্ণ, মানুষ কেন আপনার পোস্টে রিয়্যাকশন করবে? কেন শেয়ার করবে? আর কেন-ই আবার কোনো কোনো পোস্ট যত্ন করে সেভ করে রাখবে?

সোশ্যাল মিডিয়ায় এখন অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর। কিন্তু সবাই কি সফল হতে পারছে? এর উত্তর কেবল ভালো এডিটিং, আকর্ষণীয় রঙ বা ঝকঝকে গ্রাফিক্সে লুকিয়ে নেই। এর পেছনে কাজ করে মানুষের মন, আবেগ, অভ্যাস, কৌতূহল এবং সামাজিক আচরণ। সোশ্যাল মিডিয়ার এই যুগে কন্টেন্ট তৈরি করা আসলে শুধু প্রযুক্তির কাজ নয়, মানুষের মন বোঝার কাজও।

একসময় কন্টেন্ট তৈরির জগৎ সীমাবদ্ধ ছিল পেশাদার নির্মাতা, গণমাধ্যম প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের মধ্যে। এখন সেই বাস্তবতা বদলে গেছে। স্মার্টফোন থাকলেই যে কেউ কন্টেন্ট বানাতে পারে। কেউ নিজের ব্যবসার প্রচারে, কেউ ব্যক্তিগত পরিচিতি বাড়াতে, কেউ জ্ঞান ভাগ করে নিতে, আবার কেউ নিছক বিনোদনের জন্য কন্টেন্ট বানাচ্ছেন। কিন্তু এই বিস্তৃত অংশগ্রহণের মাঝেও সাফল্য সবার ভাগ্যে জোটে না। কারণ, সোশ্যাল মিডিয়ায় টিকে থাকার মূল শর্ত সেখানে এমনভাবে উপস্থিত হওয়া, যা মানুষের মনে দাগ কাটে।

মানুষ কেন স্ক্রল থামাবে?

এই জায়গায় সবচেয়ে আগে আসে ‘হুক’ বা শুরুতেই দৃষ্টি আটকে দেওয়ার ক্ষমতা। সোশ্যাল মিডিয়া যেন এক দ্রুতগতির মহাসড়ক। সেখানে মানুষ খুব দ্রুত স্ক্রল করে। প্রথম এক-দুই লাইন বা কয়েক সেকেন্ডেই ঠিক হয়, কেউ থামবে কি না। তাই কন্টেন্টের শুরুতে এমন কিছু থাকতে হয়, যা কৌতূহল জাগায়। বিস্মিত করে, চেনা কোনো সমস্যার কথা মনে করিয়ে দেয় কিংবা পাঠক-দর্শককে মনে করায়, ‘এটা তো আমার কথাই বলছে’। যেসব কন্টেন্ট এই থামানোর ক্ষমতা রাখে না, তারপরের অংশ যত সমৃদ্ধই হোক, অনেক সময় তা দর্শকের কাছে পৌঁছায় না।

সোশ্যাল মিডিয়ায় টিকে থাকা মানে আসলে মানুষের মন জেতা। সংগৃহীত ছবি
সোশ্যাল মিডিয়ায় টিকে থাকা মানে আসলে মানুষের মন জেতা। সংগৃহীত ছবি

মানুষের মস্তিষ্ক নতুন, অস্বাভাবিক বা ব্যক্তিগতভাবে প্রাসঙ্গিক কিছুতে দ্রুত সাড়া দেয়। কোনো পোস্ট যদি এমন একটি প্রশ্ন তোলে, যার উত্তর জানার আগ্রহ তৈরি হয় অথবা এমন একটি অভিজ্ঞতার কথা বলে যা মানুষ নিজে ভেবেছে কিন্তু ভাষায় প্রকাশ করতে পারেনি। তাহলে সেই পোস্টে থামার সম্ভাবনা বেড়ে যায়। এ কারণেই ভালো হুক অনেক সময় পুরো কন্টেন্টের ভাগ্য নির্ধারণ করে।

লাইক…কমেন্ট…শেয়ার…সেভ

এরপর আসে লাইক বা রিয়্যাকশন। এটা অনেকের চোখে ছোট প্রতিক্রিয়া মনে হলেও, এর মনস্তত্ত্ব মোটেই ছোট নয়। মানুষ সাধারণত তখনই লাইক দেয়, যখন কোনো কন্টেন্টের সঙ্গে তাঁর আবেগগত সংযোগ তৈরি হয়। এটা হতে পারে সহমর্মিতা, আনন্দ, বিস্ময়, সমর্থন অথবা কোনো সত্যকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা। অনেক সময় লাইক দেওয়া মানে হলো, ‘আমি তোমার কথার সঙ্গে একমত’, ‘এটা আমারও অনুভূতি’, কিংবা ‘এটা ভালো লাগল, তাই জানিয়ে গেলাম’।

কমেন্ট আরও এক ধাপ এগিয়ে। মানুষ তখনই মন্তব্য করতে আগ্রহী হয়, যখন সে মনে করে তাঁর কথা এখানে গুরুত্বপূর্ণ। তাঁর অভিজ্ঞতা এখানে প্রাসঙ্গিক। কিংবা তাঁকে কোনোভাবে আলোচনায় ডাকা হয়েছে। এ কারণেই কন্টেন্টের শেষে একটি চিন্তাজাগানিয়া প্রশ্ন, অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার আহ্বান বা সরাসরি মতামত জানতে চাওয়া কার্যকর ভূমিকা রাখে। ‘আপনার কি এমন অভিজ্ঞতা হয়েছে?’, ‘আপনি কী ভাবছেন?’, ‘আপনার ক্ষেত্রে বিষয়টি কেমন?’—এমন প্রশ্ন মানুষকে দর্শক থেকে অংশগ্রহণকারী বানায়। কারণ, মানুষ স্বভাবতই নিজের মতামত প্রকাশ করতে চায়, নিজের গল্প বলতে চায়। চায় নিজের অবস্থান জানাতে।

সোশ্যাল মিডিয়ায় টিকে থাকা মানে আসলে মানুষের মন জেতা। শুধু কন্টেন্ট বানালেই হবে না, বুঝে-শুনে বানাতে হবে। কারণ মানুষের সময় কম, মনোযোগও কম। কিন্তু একবার যদি সেই মনোযোগ বাধা পায়, তাহলে তার প্রভাব অনেক গভীর হয়।

তবে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়াগুলোর একটি হলো শেয়ার। কারণ শেয়ার করার মধ্যে ব্যক্তিগত পছন্দের চেয়েও সামাজিক মনোবিজ্ঞান কাজ করে। মানুষ সাধারণত এমন কন্টেন্টই শেয়ার করে, যেসব তাঁর পরিচয়, মূল্যবোধ বা সামাজিক অবস্থানকে প্রকাশ করে।

কোনো তথ্যবহুল পোস্ট শেয়ার করে কেউ দেখাতে চায় যে সে সচেতন। কোনো অনুপ্রেরণামূলক পোস্ট শেয়ার করে সে বোঝাতে চায়, সে ইতিবাচক চিন্তায় বিশ্বাসী। আবার কোনো রিলেটেবল বা মনের কথা বলা পোস্ট শেয়ার করে সে যেন বলে, ‘দেখো, এটাই তো আমি বলতে চেয়েছিলাম’।

আর সেভ? এটা একটু আলাদা। কারণ, এর সঙ্গে জড়িত ভবিষ্যৎ-চিন্তার প্রতিফলন। মানুষ কোনো কন্টেন্ট তখনই সেভ করে, যখন মনে করে এটা পরে দরকার হবে।

মানুষ তখনই মন্তব্য করতে আগ্রহী হয়, যখন সে মনে করে তাঁর কথা এখানে গুরুত্বপূর্ণ। সংগৃহীত ছবি
মানুষ তখনই মন্তব্য করতে আগ্রহী হয়, যখন সে মনে করে তাঁর কথা এখানে গুরুত্বপূর্ণ। সংগৃহীত ছবি

হতে পারে দরকারি টুলের তালিকা, কোনো বিশ্লেষণ বা এমন কিছু পরামর্শ যা সে তখনই কাজে লাগাতে পারছে না, কিন্তু পরে কাজে লাগতে পারে। সেভ করা মানে হলো, কন্টেন্টটি ক্ষণিকের বিনোদনের বাইরে গিয়ে আলাদা মূল্য ধরে রাখছে। তাই ইউটিলিটিভিত্তিক, তথ্যসমৃদ্ধ, শিক্ষানির্ভর বা সমস্যার সমাধানমুখী কন্টেন্টে সেভ সাধারণত বেশি হয়।

সৃজনশীলতা ও মনস্তত্ত্বের 'ক্যালকুলেটেড স্ট্র্যাটেজি'

এখান থেকেই বোঝা যায়, ভালো কন্টেন্ট শুধু দেখতে সুন্দর হলেই হয় না। তা কাজেরও হতে হয়। মানুষের কোনো না কোনো প্রয়োজন মেটাতে হয়। কখনো সেটা বিনোদন দেয়, কখনো শেখায়, কখনো ভাবায়, কখনো নিজের সঙ্গে মিল খুঁজে পেতে সাহায্য করে।

অনেকেই মনে করেন ভাইরাল হওয়া নিছক ভাগ্যের ব্যাপার। বাস্তবে ভাগ্যের ভূমিকা থাকলেও সেটাই কিন্তু শেষ কথা নয়। বরং অধিকাংশ সফল কন্টেন্টের পেছনে থাকে সূক্ষ্ম পর্যবেক্ষণ, মনস্তাত্ত্বিক বোধ আর সচেতন পরিকল্পনা। কোন শব্দে শুরু করা হবে, কোন সমস্যাকে সামনে আনা হবে, কোথায় আবেগের জায়গা তৈরি করা হবে, কোথায় প্রশ্ন রাখা হবে, কাকে মাথায় রেখে বার্তাটি তৈরি করা হবে—এসবই নির্ধারণ করে দেয় কন্টেন্টের প্রতিক্রিয়া কেমন হবে।

সোশ্যাল মিডিয়ায় টিকে থাকা মানে আসলে মানুষের মন জেতা। শুধু কন্টেন্ট বানালেই হবে না, বুঝে-শুনে বানাতে হবে। কারণ মানুষের সময় কম, মনোযোগও কম। কিন্তু একবার যদি সেই মনোযোগ বাধা পায়, তাহলে তার প্রভাব অনেক গভীর হয়।

যে মানুষ কন্টেন্ট বানায় আর মানুষের মনটা বুঝতে পারে, তার জন্য সোশ্যাল মিডিয়া শুধু পোস্ট দেওয়ার জায়গা থাকে না। এটা হয়ে যায় মানুষের সঙ্গে যোগাযোগ করার, প্রভাব তৈরি করার আর সম্পর্ক গড়ে তোলার শক্তিশালী মাধ্যম।

শেষ পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েশন এক ধরনের 'ক্যালকুলেটেড স্ট্র্যাটেজি'। সেখানে যেমন সৃজনশীলতা জরুরি, তেমনি জরুরি মানব-মনের সূক্ষ্ম ভাষা বোঝা। কারণ, মানুষ কেবল ভালো কন্টেন্ট দেখে না, তারা এমন কন্টেন্টেই সাড়া দেয় যেখানে নিজেদের খুঁজে পাওয়া যায়।

সম্পর্কিত