ঈদে কেমন সুগন্ধি বেছে নেবেন

সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ঈদ পালনে পরিবর্তন এসেছে, কতজনের জীবন থেকে হারিয়ে গেছে কত প্রিয়জনের ভালবাসা। কিন্তু আজও চোখ বুজলে আমরা সেই পুরোনো স্মৃতির গন্ধ পাই। এ কারণে ঈদের সঙ্গে সুগন্ধির সম্পর্কটি ভীষণ পবিত্র। এবারের ঈদে কেমন সুগন্ধি ব্যবহার করতে পারেন তা নিয়েই আজকের লেখা।

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১৬: ৩১
সুগন্ধি। স্ট্রিম ছবি

ঈদের সকালটা অন্য রকম আনন্দ নিয়ে আসে। নতুন কাপড়ের গন্ধ, ঘরে রান্নার ব্যস্ততা আর আতরের মিষ্টি সুবাস মিলিয়ে তৈরি হয় উৎসবের আলাদা এক অনুভূতি। অনেকের মতো আমারও এখনো ঈদের সকালে বাবা বা ভাইয়ের নতুন পাঞ্জাবিতে লাগানো আতরের গন্ধ খুব পরিচিত লাগে।

শৈশবের ঈদগুলোতে দাদা-নানার গায়ে মাখা সেই পরিচিত আতরের গন্ধ পুরোটা দিন উৎসবের আনন্দে ভরিয়ে রাখত আমাদের। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ঈদ পালনে পরিবর্তন এসেছে, কতজনের জীবন থেকে হারিয়ে গেছে কত প্রিয়জনের ভালবাসা। কিন্তু আজও চোখ বুজলে আমরা সেই পুরোনো স্মৃতির গন্ধ পাই। এ কারণে ঈদের সঙ্গে সুগন্ধির সম্পর্কটি ভীষণ পবিত্র। এবারের ঈদে কেমন সুগন্ধি ব্যবহার করতে পারেন তা নিয়েই আজকের লেখা।

বাজারে যেসব আতর পাওয়া যাচ্ছে

ঈদের নামাজে পরতে যাওয়ার সময় সুগন্ধি মাখা আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য এবং তা সুন্নতও বটে। বাজারে এখন নানা ধরনের দেশি-বিদেশি সুগন্ধি পাওয়া যায়। আপনার রুচি ও পছন্দের ওপর ভিত্তি করে বেছে নিতে পারেন সেরা সুবাসটি।

বর্তমানে চন্দন, গোলাপ, আম্বর, মাস্ক, বাকুর এবং জান্নাতুল ফেরদাউসের মতো ক্ল্যাসিক আতরগুলোর পাশাপাশি অ্যারাবিয়ান ‘উদ’-এর বেশ চাহিদা রয়েছে। দামের ক্ষেত্রেও রয়েছে ভিন্নতা।

আতর। সংগৃহীত ছবি
আতর। সংগৃহীত ছবি

সাধারণ মানের আতর ১০০ থেকে ৫০০ টাকার মধ্যেই ছোট বোতল বা রোল-অন হিসেবে পাওয়া যায়। তবে যারা একটু প্রিমিয়াম সুবাস পছন্দ করেন, তাঁদের জন্য রয়েছে দুবাই বা মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা নামিদামি ব্র্যান্ডের অ্যালকোহলমুক্ত আতর। খাঁটি উদ, মাস্ক বা আগরউডের দাম ১ হাজার থেকে শুরু করে ১০-৫০ হাজার টাকা বা তারও বেশি হতে পারে। বাজেটের মধ্যে পছন্দমতো একটি সুবাস বেছে নিয়ে ঈদের সকালটা স্নিগ্ধ করে তুলতে পারেন।

আড্ডা ও দাওয়াতে সুগন্ধির সাজ

ঈদের নামাজ শেষ করে বাসায় ফেরার পর শুরু হয় দিনের দ্বিতীয় ভাগ। আরামদায়ক পোশাক পরা, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, আত্মীয়স্বজনের বাসায় দাওয়াত কিংবা পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে সবারই। এবারের ঈদে যেহেতু গরম একটু কম, তাই ঘাম নিয়ে দুশ্চিন্তা না করলেও হবে। দুপুরের দিকে বন্ধুদের সঙ্গে আড্ডায় বা বাইরে ঘুরতে যাওয়ার সময় ব্যবহার করতে পারেন হালকা, ফ্রেশ এবং সাইট্রাস (লেবু, কমলা বা মাল্টা জাতীয়) নোটের বডি স্প্রে বা ডিওডোরেন্ট।

ঈদের নামাজে পরতে যাওয়ার সময় সুগন্ধি মাখা আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য এবং তা সুন্নতও বটে। বাজারে এখন নানা ধরনের দেশি-বিদেশি সুগন্ধি পাওয়া যায়। আপনার রুচি ও পছন্দের ওপর ভিত্তি করে বেছে নিতে পারেন সেরা সুবাসটি।

অন্যদিকে, বিকেলের দিকে বা রাতের দাওয়াতে যাওয়ার সময় বেছে নিতে পারেন একটু প্রিমিয়াম মানের পারফিউম। গরমের সন্ধ্যায় উডি, অ্যাকোয়াটিক বা হালকা ফ্লোরাল (ফুলের সুবাস) নোটের পারফিউমগুলো আপনার ব্যক্তিত্বে আলাদা আভিজাত্য এনে দেবে। সাধারণত ছেলেদের ক্ষেত্রে মাস্কুলিন বা স্পাইসি পারফিউম এবং মেয়েদের ক্ষেত্রে হালকা মিষ্টি, ফ্রুট বা ফ্লোরাল সুবাস দাওয়াতের পরিবেশে বেশ মানানসই। দাওয়াতে যাওয়ার সময় এমন পারফিউম বেছে নেবেন যেগুলোর ঘ্রাণ অনেকক্ষণ স্থায়ী হয়, কিন্তু উগ্র নয়।

সুগন্ধি নির্বাচনের আগে যে বিষয়গুলো মাথায় রাখবেন

সুগন্ধি কেনা বা ব্যবহারের আগে কিছু ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখলে আপনার ঈদের সাজ আরও নিখুঁত হতে পারে।

যেমন অতিরিক্ত কড়া, মিষ্টি বা ভারী সুগন্ধি এড়িয়ে চলুন। গরমে ফ্রেশ, কুল বা অ্যাকোয়াটিক সুবাস বেশি আরামদায়ক। অন্যদিকে এসি রুমে দাওয়াত থাকলে উডি বা স্পাইসি ঘ্রাণ দারুণ মানিয়ে যায়।

আরেকটি বিষয় মাথায় রাখবেন, একই পারফিউম বা আতর ভিন্ন ভিন্ন মানুষের শরীরে ভিন্ন রকম গন্ধ ছড়াতে পারে। তাই অন্যের গায়ে ভালো লেগেছে দেখেই হুট করে না কিনে, নিজের ত্বকে একটু স্প্রে করে কিছুক্ষণ অপেক্ষা করুন। ঘ্রাণটি আপনার ত্বকের সঙ্গে মানিয়ে গেলে তবেই কিনুন। সুগন্ধি দীর্ঘক্ষণ স্থায়ী করতে শরীরের পালস পয়েন্টগুলোতে (যেমন হাতের কবজি, গলার দুই পাশে, কানের পেছনে) স্প্রে করুন। একটি সাধারণ ভুল আমরা প্রায়ই করি—কবজিতে সুগন্ধি লাগানোর পর দুই হাত একসাথে ঘষি। এটা একদমই উচিত নয়; এতে সুগন্ধির ঘ্রাণ দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।

ডিওডোরেন্ট সাধারণত ত্বকে ব্যবহার করা হয়। পারফিউম ত্বকের পালস পয়েন্টে ব্যবহার করলে ভালো স্থায়ী হয়, তবে কাপড়েও হালকা স্প্রে করা যায়। তবে আতর ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকবেন। অনেক সময় আতরের কারণে শখের নতুন পোশাকে দাগ পড়ে যেতে পারে। তাই হাতের তালুতে আতর মেখে হালকা করে কাপড়ে বুলিয়ে নিতে পারেন। যাদের অ্যালার্জির সমস্যা আছে, তারা সরাসরি ত্বকে সুগন্ধি ব্যবহারের আগে সতর্ক হোন।

বিষয়:

ঈদ বাজার
Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত