ফেলুদার চরণচিহ্ন ধরে: রহস্যে ভরা গোয়েন্দা ভ্রমণের দিনলিপি

প্রকাশ : ০২ মে ২০২৬, ১৬: ৩৮
এআই জেনারেটেড ছবি

আমি বড় হয়েছি প্রায় এক ধরনের নিঃসঙ্গতার ভেতর দিয়ে। যখন আমার সমবয়সীরা বাইরে খেলাধুলা করেছে, হাসি-আনন্দে কোলাহলে স্মৃতি গড়ে তুলছিল, তখন আমার জগৎ ছিল অন্যরকম নিরিবিলি, নীরব। আমার শৈশবের সেই সময়গুলো গড়ে উঠেছিল হলদে হয়ে আসা বইয়ের পাতায়, মৃদু স্বরে ভেসে আসা চিন্তার স্রোতে, আর এক টুকরো নরম আলোয় ঘেরা পড়ার মুহূর্তে।

সেই নিঃসঙ্গতার দরজা ভেঙে প্রথম যে মানুষটি আমার জীবনে ঢুকেছিল, সে হলো প্রদোষ চন্দ্র মিত্র, সবার প্রিয় ‘ফেলুদা’। ফেলুদা সবার কাছে রহস্য সমাধান করা এক গোয়েন্দা হলেও, আমার কাছে তিনি ছিলেন তার চেয়েও বেশি কিছু। তাঁর সঙ্গে আমি শুধু রহস্যই সমাধান করিনি, ভ্রমণও করেছি।

মরুভূমি পেরিয়েছি, পাহাড়ে উঠেছি, গুহামন্দিরে ঘুরেছি, ঔপনিবেশিক শহরের অলিগলিতে হেঁটেছি।

ফেলুদার প্রতিটি অভিযান যেন আমার নিজের ব্যক্তিগত মানচিত্র হয়ে উঠেছিল, যেখানে প্রতিটি রহস্য আমাকে নিয়ে গেছে কোনো এক জায়গায়।

জয়সলমের: মরুভূমি, দুর্গ আর উটের পিঠে যাত্রা

ফেলুদার সঙ্গে আমার প্রথম পরিচয় সেই ক্লাস টুতে। গরমের ছুটিতে নানাভাইয়ার বুকশেলফ থেকে খুঁজে পেলাম তাকে। ‘সোনারকেল্লা’ আমাকে নিয়ে গিয়েছিল স্বর্ণনগরী জয়সলমেরে। তোপশের বর্ণনায় সত্যজিৎ রায়ের সেই লেখা যেন আমার কাছে ছিল একেবারে জাদুর মতো।

সোনালি বালির শহর, অতীত জন্মের স্মৃতিতে বিভোর এক ছোট্ট ছেলে, রাজস্থানের সৌন্দর্য— সব যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছিল। ট্রেনের চাকায় গতি, মরুভূমির উত্তাপ, আর ফেলুদার বিশ্লেষণের ধারা সবই আমি অনুভব করেছি। উটের পিঠে চরার বর্ণনা পড়তে পড়তে আমার মনে হচ্ছিল আমিও তাদের সঙ্গেই আছি। আমার মতো, সেই ছোট একাকী মেয়েটার জন্য এটা ছিল এক বিস্ময়ের জগৎ যেখানে অতীত ফিসফিস করে কথা বলে, আর বর্তমান রোমাঞ্চ জাগায়।

অনেক বছর পরে ‘সন্দেশ ফেলুদা ৩০’ বিশেষ সংখ্যা (ডিসেম্বর ১৯৯৫) থেকে জানতে পারি, ‘সোনার কেল্লা’ আসলে ‘গুপী গাইন বাঘা বাইন’ সিনেমার ‘হাল্লা রাজার দুর্গ’।

লখনৌ: আংটির রহস্য আর ইমামবাড়া

‘বাদশাহী আংটি’ দিয়েই শুরু। ফেলুদার প্রথম পূর্ণাঙ্গ কাহিনী আমাকে নিয়ে যায় নবাবদের শহর লখনৌতে। ইমামবাড়া আর সন্ধ্যার মুশায়রার আবহে ধীরে ধীরে উন্মোচিত হয় এক রহস্যময় আংটির গল্প। রাজকীয় ঐশ্বর্য আর ঔপনিবেশিক ছাপ মিলিয়ে শহরটি যেন রহস্যে মোড়া। ফেলুদার তীক্ষ্ণ প্রশ্ন আর তোপশের পর্যবেক্ষণের সঙ্গে সঙ্গে আমিও হেঁটেছি সেই অলিগলি আর প্রাচীন প্রাচীরের ভেতর, যেখানে প্রতিটি দেয়াল যেন লুকিয়ে রেখেছে কোনো না কোনো গোপন রহস্য।

ইলোরা: ইতিহাস ও অপরাধের গল্প

‘কৈলাসে কেলেঙ্কারি’ তে ফেলুদা প্রাচীন ভাস্কর্যের সঙ্গে জড়িত জালিয়াতি ও পাচারচক্রের তদন্তে নামেন। ইলোরার গুহামন্দির আর কৈলাস মন্দিরের বর্ণনা ছিল মুগ্ধতার। ফেলুদার চোখ দিয়ে আমি শুধু শিল্পের সৌন্দর্যই দেখিনি, দেখেছি সেই লোভ, যা ঐতিহ্যকে ধ্বংস করে। কল্পনার চোখে খোদাই করা স্তম্ভগুলোর মাঝে দাঁড়িয়ে অনুভব করেছি পাথরের শীতলতা,আর সেই সঙ্গে রুদ্ধশ্বাস উত্তেজনার শিহরণ। যেখানে ইতিহাস, বিশ্বাস আর অপরাধ একসঙ্গে প্রতিধ্বনিত হচ্ছিল।

বারাণসী: ধোঁয়া, রীতি আর প্রতিশোধের শহর

‘জয় বাবা ফেলুনাথ’ গল্পে দুর্গাপূজার সময় ফেলুদা পৌঁছালো বারাণসীতে। ঘাটজুড়ে ধোঁয়া আর রহস্যের আবহ, সরু গলি আর ধর্মীয় আচার সবকিছু মিলিয়ে শহরটা যেন ভীষণ অদ্ভুতুড়ে।

মগনলাল মেঘরাজের সঙ্গে ফেলুদার মুখোমুখি হওয়া এখনো শিহরণ জাগায়। গঙ্গার স্রোতের মতোই এখানে ধর্ম আর প্রতারণা পাশাপাশি প্রবাহিত পবিত্রতা আর অন্ধকার একসঙ্গে জড়িয়ে থাকে।

গ্যাংটক: মেঘের ভেতর রহস্য

‘গ্যাংটকে গণ্ডগোল’ আমাকে প্রথম নিয়ে যায় পাহাড়ি অঞ্চলে। সিকিমের মনোরম প্রকৃতি, মঠ, লামাদের নৃত্য সবই যেন চোখের সামনে ভেসে উঠেছিল। প্রতারণার কুয়াশা ভেদ করে ফেলুদার শান্ত, তীক্ষ্ণ বুদ্ধি স্পষ্ট হয়ে ওঠে। আমি কখনো পাহাড়ে যাইনি, তবুও এই গল্পে আমি অনুভব করেছি ফেলুদার বুটের নিচে কড়মড় শব্দ, আর শান্ত দৃশ্যের আড়ালে লুকিয়ে থাকা অজানা ভয়।

লন্ডন: বিদেশে বাঙালি গোয়েন্দা

‘লন্ডনে ফেলুদা’য় সত্যজিৎ রায় তাঁর গোয়েন্দাকে নিয়ে গেছেন বিদেশে। জাদুঘর, বইয়ের দোকান, অপরিচিত শহর সব জায়গাতেই ফেলুদার স্বচ্ছন্দে বিচরণ। এখানেই প্রথম বুঝেছি, একজন বাঙালি গোয়েন্দাও হতে পারে বিশ্বমানের। কলকাতার গলি যেমন তাঁর নিজের, তেমনি লন্ডনের রাস্তাও তাঁর কাছে অচেনা নয়। এই গল্প আমাকে শিখিয়েছে পরিচয় আর মেধা কোনো সীমানায় আটকে থাকে না।

কেন এই ভ্রমণ আজও গুরুত্বপূর্ণ

সত্যজিৎ রায় শুধু রহস্যগল্প লেখেননি; তিনি লিখেছেন বিস্ময়ের ভৌগোলিক মানচিত্র। তাঁর প্রতিটি গল্পের স্থানগুলো শুধু ভৌগোলিক পটভূমি নয়, জীবন্ত চরিত্র। ফেলুদার সঙ্গে সঙ্গে আমি শিখেছি মানুষ, সংস্কৃতি, ভাষা, খাবার আর ইতিহাসের নানা দিক। এই বইগুলো শুধু বই নয়, ছিল অজানাকে জানার প্রবেশদ্বার।

নিঃসঙ্গ শৈশবে ফেলুদাই ছিলেন সেই কণ্ঠ, যিনি আমাকে একা হতে দেননি। তাঁর যুক্তিবাদী চিন্তা, সাহস আর সাংস্কৃতিক জ্ঞান আমাকে পৃথিবীকে বুঝতে শিখিয়েছে এমনকি নিজেকেও।

সম্পর্কিত