গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ৫৫
ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা শহরের একটি এলাকার চিত্র। ছবি: সংগৃহীত
ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা শহরের একটি এলাকার চিত্র। ছবি: সংগৃহীত

গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করার ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৪ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ, বহিষ্কার বা বাধ্যতামূলক স্থানান্তরের কোনো পরিকল্পনা আমেরিকা সমর্থন করে না।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের ‘গাজাকে জনশূন্য করাই একমাত্র সমাধান’ শীর্ষক বক্তব্যের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে সংবাদমাধ্যম আল-জাজিরা। জবাবে বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ পয়েন্টের শান্তি পরিকল্পনার প্রতি নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

দপ্তরের মুখপাত্র জানান, ট্রাম্পের শান্তি পরিকল্পনার ১২ নম্বর পয়েন্টে স্পষ্টভাবে বলা হয়েছে—কাউকে গাজা ছাড়তে বাধ্য করা হবে না। পাশাপাশি যারা স্বেচ্ছায় চলে যেতে চায় তারা অবাধে যেতে ও ফিরে আসতে পারবে। এতে আরও বলা হয়েছে, গাজার অধিবাসীদের জোরপূর্বক বাস্তুচ্যুত, বহিষ্কার বা বাধ্যতামূলক স্থানান্তরের কোনো প্রস্তাব যুক্তরাষ্ট্র সমর্থন করে না।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছিলেন, ট্রাম্প ফিলিস্তিনিদের সরানোর পরিকল্পনা বাতিল করেননি, কেবল স্থগিত রেখেছেন।

বুধবার কাটজ বলেন, ‘ফিলিস্তিনিদের উচ্ছেদ করা ছাড়া গাজার বাস্তব সমাধান নেই।’ দেশটির জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভিরও একই সুরে মিলিয়ে বলেন, ‘শান্তির অলীক কল্পনার বদলে এখন আমাদের প্রয়োজন দ্রুত অভিবাসনের পদক্ষেপ নেওয়া। ফিলিস্তিনিদের সুড়ঙ্গ খোঁড়ার বদলে এখন স্যুটকেস গোছানোর সময় এসেছে।’

সম্প্রতি গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরে জাতীয় কর্মপরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। পরিকল্পনা অনুযায়ী, প্রথম বছরে আড়াই লাখ এবং পরের ছয় বছরে আরও প্রায় ২০ লাখ ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়ার লক্ষ্য ইসরায়েলের।

ওয়াশিংটনভিত্তিক আরব সেন্টারের বিশ্লেষক ইউসুফ মুনাইয়ার আল জাজিরাকে বলেন, শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি না হওয়ার কারণ হলো ইসরায়েলিরা শান্তিপূর্ণ সহাবস্থান অসম্ভব বলে ধরে নিয়েছে। তিনি সতর্ক করে বলেন, ফিলিস্তিনিদের জাতিগত নিধনের চিন্তা কেবল গাজায় সীমাবদ্ধ নেই, এটি পশ্চিম তীর ও ইসরায়েলের ভেতরেও ছড়াচ্ছে।

মুনাইয়ার বলেন, ‘তারা কোনোভাবেই ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি চায় না।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে উপত্যকাটিতে ৭৩ হাজার ৪৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বছরের অক্টোবরে কথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ১ হাজার ৩৩৪ ফিলিস্তিনি।

তথ্যসূত্র: আল-জাজিরা

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত