গাজার ২২ লাখ বাসিন্দাকে সরাতে মহাপরিকল্পনা ইসরায়েলের

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

স্ট্রিম গ্রাফিক
স্ট্রিম গ্রাফিক

গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরে একটি জাতীয় কর্মপরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। পরিকল্পনা অনুযায়ী, প্রথম বছরে আড়াই লাখ এবং পরবর্তী ছয় বছরে গাজার আরও প্রায় ২০ লাখ ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ইসরায়েলের আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেওয়া এক বক্তব্যে বেন-গভির বলেন, পরিকল্পনাটি বাস্তবসম্মত এবং গাজার ফিলিস্তিনিদের গ্রহণ করতে কিছু দেশ প্রস্তুত রয়েছে। তবে কোন কোন দেশ তাদের নিতে আগ্রহী, তা জানাননি তিনি।

২০ পৃষ্ঠার পরিকল্পনাটির নাম দেওয়া হয়েছে ‘গাজা উপত্যকা থেকে স্বেচ্ছায় অভিবাসনের জাতীয় কর্মপরিকল্পনা’। বেন-গভিরের দাবি, দেড় বছরের বেশি সময় ধরে কাজ করে পরিকল্পনাটি তৈরি করা হয়েছে। তবে পরিকল্পনায় ‘স্বেচ্ছায়’ শব্দটি ব্যবহার করা হলেও যুদ্ধ ও মানবিক সংকটের মধ্যে গাজার বাসিন্দারা কতটা স্বাধীনভাবে স্থানান্তরের সিদ্ধান্ত নিতে পারবেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। আন্তর্জাতিক আইনে দখলকৃত এলাকা থেকে বেসামরিক জনগণকে জোরপূর্বক সরিয়ে দেওয়া যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজও গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরে যুক্তরাষ্ট্রের অনুমোদন চাওয়ার কথা জানিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গাজার প্রায় ২০ লাখ ফিলিস্তিনিকে অন্যত্র সরিয়ে অঞ্চলটি পুনর্গঠনের প্রস্তাব দিয়েছিলেন। ওই প্রস্তাব আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার মুখে পড়ে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার(২ সেপ্টেম্বর) গাজার একটি সামরিক ঘাঁটি পরিদর্শন করে বলেন, দখল করা এলাকা থেকে ইসরায়েল সরে যাবে না। তার দাবি, বর্তমানে গাজার প্রায় ৬০ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল তামির ইয়াদাইয়ের হিসাবে, নিয়ন্ত্রণাধীন এলাকার পরিমাণ প্রায় ৬৫ শতাংশ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে উপত্যকাটিতে ৭৩ হাজার ৪৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বছরের অক্টোবরে কথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ১ হাজার ৩৩৪ ফিলিস্তিনি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত