ঊর্ধ্বমুখী দামে বিশ্বে খাদ্যপণ্যের ঝুঁকি বাড়ছে: জাতিসংঘ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ২৩
স্ট্রিম গ্রাফিক্স
স্ট্রিম গ্রাফিক্স

বৈরী আবহাওয়া এবং যুদ্ধের প্রভাবে চলতি বছরের আগস্টে বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির মাসিক প্রতিবেদন অনুযায়ী, আগস্টে খাদ্য মূল্য সূচক দাঁড়িয়েছে ১৩৩ দশমিক ৩ পয়েন্টে, যা জুলাইয়ে ১৩০ দশমিক ৮ পয়েন্ট ছিল। ২০২২ সালের নভেম্বরের পর বিশ্ববাজারে খাদ্যপণ্যের এটিই সর্বোচ্চ দাম। যদিও ওই বছরের মার্চে ইউক্রেনে যুদ্ধ শুরুর সময়ের রেকর্ড দামের তুলনায় তা এখনো প্রায় ১৭ শতাংশ কম।

এফএও-র প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো টোরেরো বলেন, ‘আগস্টে বৈশ্বিক খাদ্যের দাম বৃদ্ধি সতর্কবার্তা দিচ্ছে, খাদ্যবাজারে ঝুঁকি আবারও ফিরে আসছে। জলবায়ুর অভিঘাত, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং বাণিজ্যে বিঘ্ন মিলে সরবরাহকে সংকুচিত করে তুলছে।’

এফএও প্রতিবেদনে জানানো হয়, আগস্টে দানাদার শস্য, ভোজ্যতেল, চিনি, মাংস এবং দুগ্ধজাত পণ্য—সবকটি খাদ্য বিভাগের মূল্য সূচকই বেড়েছে।

ইউরোপে চরম তাপদাহ ও খরার কারণে ভুট্টা ও চিনি উৎপাদনের পাশাপাশি গবাদি পশুর উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে এশিয়ায় সম্ভাব্য তীব্র ‘এল নিনো’ আবহাওয়া পরিস্থিতির কারণে পাম তেল ও চিনির উৎপাদন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ ছাড়া ব্রাজিলের দক্ষিণ অঞ্চলে চিনির উৎপাদন কমে যাওয়ায় বিশ্ববাজারে দাম ১১ দশমিক ৯ শতাংশ বেড়ে ২০২৫ সালের জুনের পর সর্বোচ্চে পৌঁছেছে।

সাড়ে চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে কৃষ্ণসাগরে হামলার প্রভাবে সেখান থেকে শস্য সরবরাহ ব্যাহত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের কারণে কৃষিকাজের জন্য প্রয়োজনীয় সার সরবরাহ ব্যবস্থায় চাপ সৃষ্টি হয়েছে।

আগস্টে দানাদার শস্যের মূল্য সূচক মাসভিত্তিক ২ দশমিক ২ শতাংশ বেড়ে ২০২৪ সালের মে মাসের পর সর্বোচ্চে এবং ভোজ্যতেলের মূল্য সূচক শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে ২০২২ সালের জুনের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।

এফএও জানিয়েছে, ২০২৬-২৭ মৌসুমের শেষে বিশ্বে দানাদার শস্যের মজুত ১ দশমিক ১ শতাংশ কমে ৯৪ কোটি ৭২ লাখ টনে দাঁড়াতে পারে।

তথ্যসূত্র: রয়টার্স

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত