উৎকট গন্ধে পুলিশে ফোন, আশুলিয়ায় তালাবদ্ধ ঘরে ৩ লাশ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাভার (ঢাকা)

চার তলা ভবনের দ্বিতীয় তলার তালাবদ্ধ একটি ঘরে এক নারী, পুরুষ ও নবজাতকের লাশ পেয়েছে পুলিশ। ছবি: সংগৃহীত
চার তলা ভবনের দ্বিতীয় তলার তালাবদ্ধ একটি ঘরে এক নারী, পুরুষ ও নবজাতকের লাশ পেয়েছে পুলিশ। ছবি: সংগৃহীত

ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকায় হাজি হযরত আলীর ভবন থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, চার তলা ভবনের দ্বিতীয় তলার তালাবদ্ধ একটি ঘর থেকে তাঁরা এক নারী, পুরুষ ও নবজাতকের লাশ উদ্ধার করেছেন। পুরুষের গলায় গামছা পেঁচানো থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। নিহতদের নাম-ঠিকানা শনাক্তের কাজ চলছে বলে জানান তিনি।

কক্ষ থেকে বিভিন্ন আলামত সংগ্রহে সিআইডির ফরেনসিক দল। ছবি: সংগৃহীত
কক্ষ থেকে বিভিন্ন আলামত সংগ্রহে সিআইডির ফরেনসিক দল। ছবি: সংগৃহীত

‎স্থানীয়রা জানান, গত ৯ আগস্ট স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নেওয়া হয়। দ্বিতীয় তলার ওই কক্ষের দরজা-জানালা সব সময় বন্ধ থাকত। শুক্রবার কক্ষটি থেকে উৎকট দুর্গন্ধ আসায় স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দরজার তালা ভেঙে তিনজনের লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, আলামত সংগ্রহে সিআইডির ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে শনিবার ভোর থেকে কাজ করছে। একইসঙ্গে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আশুলিয়া থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি আরও জানান, লাশগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। নির্দেশনা ও আলামত পর্যালোচনায় প্রাথমিকভাবে পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হচ্ছে। তবে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, নিহতদের পরিচয় ও হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে ধরতে একাধিক দল কাজ করছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত