মার্কিন হামলার জেরে চুক্তি স্থগিত করল ইরান

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১৯: ৩৪
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির সব শর্ত স্থগিতের ঘোষণা দিয়েছে ইরান। শনিবার (১৮ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা আলোচনার মধ্যে ছিলাম। দুর্ভাগ্যবশত, আমেরিকানরাই প্রতিশ্রুতি লঙ্ঘন করে আক্রমণাত্মক পদক্ষেপ নিয়েছে। এর ফলে ইরান চুক্তির সমস্ত অঙ্গীকার স্থগিত করেছে।’

গারিবাবাদি বলেন, ‘আমাদের সামনে এখন দেশ রক্ষা করার বিকল্প নেই এবং আমরা দৃঢ়ভাবে তা করব।’

গত সপ্তাহে হরমুজ প্রণালিতে একটি জাহাজে ইরানি ড্রোন হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুদ্ধবিরতি চুক্তি ‘শেষ’ হয়ে গেছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গারিভাবাদির এই বক্তব্যে স্পষ্ট যে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের চলমান শান্তি আলোচনা এখন মৃতপ্রায়।

এর আগে গত বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাংবাদিকদের বলেছিলেন, মার্কিন হামলার জবাব দিতে তেহরান অনড় এবং এখন আর আলোচনার পরিকল্পনা নেই।

গত সাত দিনে দুই পক্ষের মধ্যে সংঘাত মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে এবং গত রাতে টানা সপ্তমবারের মতো ইরানের ওপর মার্কিন বিমান হামলা হয়েছে।

চুক্তি সত্ত্বেও গত রোববার ইরানে হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। জবাবে উপসাগরীয় কয়েকটি দেশ এবং অঞ্চলের মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা করে ইরান।

সোমবার মার্কিন বাহিনী ইরানের আহভাজ শহর ও খুজেস্তানের একটি পানি পাম্পিং স্টেশনে হামলা চালায়। জবাবে বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

মঙ্গলবার মার্কিন বাহিনী ইরানের কিশ দ্বীপের একটি বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে। অন্যদিকে হরমুজ প্রণালিতে দুটি ট্যাঙ্কার নিষ্ক্রিয় করার দাবি করে আইআরজিসি।

বুধবার মার্কিন হামলায় অন্তত ৭ জন ইরানি সেনা নিহত হন। বৃহস্পতিবার তেহরানসহ পুরো ইরানে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং রাতে হামলা অব্যাহত রাখে মার্কিন বাহিনী।

শুক্রবার মার্কিন সামরিক বাহিনী ইরানের কয়েকটি সেতু ও একটি সমুদ্র নিয়ন্ত্রণ টাওয়ার ধ্বংস করে। জবাবে কুয়েতের একটি বিদ্যুৎ ও পানি শোধনাগারে হামলা চালায় ইরান।

সর্বশেষ গতকাল রাত থেকে শনিবার পর্যন্ত টানা সপ্তম রাতের মতো পারস্য উপসাগর ও হরমুজের উপকূলীয় অঞ্চল এবং অভ্যন্তরীণ পরিবহন অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

ইরানের হরমুজগান প্রদেশের উপ-গভর্নর জানিয়েছেন, এই হামলায় দেশের দক্ষিণাঞ্চলের একটি জল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় ২০টি গ্রাম বর্তমানে পানিহীন অবস্থায় রয়েছে।

তথ্যসূত্র: সিএনএন

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত