যুক্তরাষ্ট্র চুক্তি মানলে সাড়া দেবে ইরান, হামলার হুমকি ট্রাম্পের

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: স্পুতনিক
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: স্পুতনিক

গত জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী সমঝোতা চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র মানলে তাৎক্ষণিকভাবে পাল্টা সাড়া দেওয়ার কথা জানিয়েছে ইরান। তবে ইরানে নতুন করে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই হরমুজ প্রণালিতে দুটি সৌদি তেলবাহী সুপারট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র গত জুনের সমঝোতার প্রতিশ্রুতিতে ফিরলে তেহরানও তাৎক্ষণিকভাবে সাড়া দেবে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে, পেজেশকিয়ান বলেন, ‘আমি স্পষ্টভাবে বলছি, যুক্তরাষ্ট্র যদি সমঝোতা স্মারকের অধীনে তাদের প্রতিশ্রুতিতে ফিরে আসে, তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরানও তাৎক্ষণিকভাবে পাল্টা পদক্ষেপ নেবে।’

গত জুনে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধ বন্ধে একটি অন্তর্বর্তী সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এর আওতায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করা, ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং দেশটির তেল রপ্তানির পথ সুগম করার বিষয় ছিল। তবে বাস্তবায়ন নিয়ে মতবিরোধে সমঝোতাটি ভেঙে পড়ে।

গত জুলাইয়ের পর প্রায় এক মাস যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলা বন্ধ ছিল। তবে গত রোববার দুই দেশের মধ্যে আবার সরাসরি হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র ইরানের লারাক দ্বীপের দুটি রকেট উৎক্ষেপণ স্থাপনায় হামলা চালায়। জবাবে ইরান জর্ডানে মার্কিন বাহিনীর দুটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

ইরানের পাল্টা হামলার পর ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র এর জবাব দেবে। এরপর ইরানে আরও হামলার হুমকিও দেন তিনি। তবে একই সঙ্গে ট্রাম্প বলেছেন, নতুন করে হামলা শুরু হলেও তা পূর্ণমাত্রার যুদ্ধে ফিরে যাওয়ার ইঙ্গিত নয়।

পেজেশকিয়ান অবশ্য বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিরসনে আলোচনার মাধ্যমে সমাধানে তেহরান এখনো প্রস্তুত।

তবে হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনা কমেনি। সোমবার রাতে প্রণালি থেকে বের হওয়ার সময় সৌদি আরবের তেল বহনকারী দুটি সুপারট্যাংকার অজ্ঞাত উৎস থেকে ছোড়া প্রজেক্টাইলে আঘাতপ্রাপ্ত হয়। দুটি জাহাজেই প্রায় ২০ লাখ ব্যারেল করে অপরিশোধিত তেল ছিল। তবে এতে কোনো নাবিক হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ইরান আগেই জানিয়েছে, যুক্তরাষ্ট্র সমঝোতার শর্ত বাস্তবায়ন করলেই হরমুজ প্রণালিতে অবাধ নৌ চলাচলের সুযোগ দেওয়া হবে। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে যুদ্ধ শুরুর আগে বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ যাতায়াত করত। কিন্তু যুদ্ধ শুরুর পর প্রণালিটিতে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

হরমুজে নতুন হামলা ও সরবরাহ বিঘ্নের আশঙ্কায় মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে প্রায় ২ শতাংশ। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯২ ডলার ছাড়িয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত