পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার ধরা পড়ায় ছাত্রের ‘আত্মহত্যা’, বিক্ষোভ
স্ট্রিম ডেস্ক

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহারের অভিযোগে ধরা পড়ার পর ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) এক ছাত্র আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শক্তি বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সাহিল ওয়াকুড়ে প্রশ্নপত্র চ্যাটজিপিটিতে আপলোড করে উত্তর খোঁজার সময় ধরা পড়েন।
ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়, ওই শিক্ষার্থীর বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো শাস্তির ব্যবস্থা নেওয়া হয়নি। শিক্ষক এবং বিভাগীয় প্রধান ও সাহিলকে কাউন্সেলিং করেছিলেন। তারা আশ্বস্ত করেছিলেন, এই ঘটনা তাঁর শিক্ষাজীবনে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।
এরপর সাহিল তাঁর হোস্টেল রুমে ফিরে যান এবং সন্ধ্যার দিকে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। গত ছয় মাসে আইআইটি বম্বেতে এটি তৃতীয় আত্মহত্যার ঘটনা।
আইআইটি বোম্বে বিবৃতিতে জানিয়েছে, কর্তৃপক্ষ মৃত্যুর পেছনের পরিস্থিতি খতিয়ে দেখছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। আন্দোলনকারীরা দাবি করেন, প্রশাসন সম্পূর্ণ ঘটনা প্রকাশ করছে না। শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহারের জন্য সাহিলকে এক বছরের জন্য বরখাস্তের হুমকি দেওয়া হয়েছিল। তাঁদের মতে, সাসপেনশন হলে সাহিলকে হস্টেলের বাইরে থাকতে হতো। চার বছরের ইঞ্জিনিয়ারিং কোর্স পাঁচ বছর বা তার বেশি দীর্ঘায়িত হতে পারত। সেই ভয় ও চাপের কারণেই তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে দাবি আন্দোলনকারীদের।
বিক্ষোভরত শিক্ষার্থীরা প্রশাসনের কাছে স্বচ্ছতা ও জবাবদিহি দাবি করেছেন। এক শিক্ষার্থী বলেন, ‘এই ঘটনার জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতেই আমরা বিক্ষোভ করছি। এটি প্রথম নয়, চলতি বছরে এ ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে।’
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে ভারী পুলিশ মোতায়েন করা হয়। পরে আন্দোলনকারী শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে আলোচনা হয়।
সিনিয়র পুলিশ অফিসার দত্তাত্রয় নালাওয়াড়ে জানান, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা হয়েছে এবং মামলার তদন্ত চলছে।
তথ্যসূত্র: এনডিটিভি
.png)






