স্ত্রী প্রবাসে, বাবার ‘দেওয়া বিষে’ ৩ শিশুর মৃত্যু

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সুনামগঞ্জ

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২: ১৮
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: সংগৃহীত
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরে বিষে তিন শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাদের বাবা। ধারণা করা হচ্ছে, সন্তানদের বিষ দিয়ে নিজেও পান করেন বাবা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্ত গ্রাম রজনী লাইনে এই ঘটনা ঘটে।

মৃতরা হলো– গ্রামের সরাফত আলীর মেয়ে মাওয়া আক্তার (১০), ছেলে শামিম মিয়া (৭) ও তামিম মিয়া (২)।

ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও গ্রামের বাসিন্দা জামাল মিয়া বলেন, শরাফত আলী দিনমজুরের কাজ করেন। তাঁর স্ত্রী চার দিন আগে শ্রমিক হিসেবে মধ্যপ্রাচ্য গেছেন। ছোট ছোট তিন সন্তান নিয়ে তিনি বাড়িতে ছিলেন। পরিবারের আর কেউ বাড়িতে না থাকায় শরাফত বের হতে পারতেন না।

তিনি আরও বলেন, শুক্রবার রাতের শেষদিকে গোঙানি শুনতে পেরে প্রতিবেশীসহ স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের বাদাঘাট বাজারে ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নেন। সেখান থেকে তিন শিশুকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা শরাফতকে সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাসাদ আহমেদ বলেন, সকাল ৮টার দিকে তিন শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাদের বিষপান করানো হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া জানান, ভোরে বিষয়টি তাঁকে জানান নিহত শিশুদের পরিবারের লোকজন। বাবা সন্তানদের খাইয়ে নিজেও বিষপান করেছেন। শরাফত জুয়া ও মাদকে আসক্ত বলে পরিবারের লোকেরা জানিয়েছেন।

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত জানান, ভোরে খবর পেয়ে তাঁরা বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে গিয়ে তিন শিশুকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। আগেই তাদের বাবাকে স্বজনেরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেছেন।

তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ বলেন, তিন শিশুর মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। লাশগুলো সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মর্মান্তিক এই ঘটনা কেন ঘটেছে, তা তদন্ত করছে পুলিশ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত