মিনেসোটায় ডেমোক্রেট প্রাইমারি জিতলেন ইলহান ওমর, উইসকনসিনে ক্রাউলি

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ২০: ৪৬
ইলহান ওমর। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ প্রাইমারিতে মিনেসোটায় বড় জয় পেয়েছেন প্রগতিশীল কংগ্রেস সদস্য ইলহান ওমর। অন্যদিকে উইসকনসিনে গভর্নর প্রার্থী পদে দলের সমর্থন জিতে নিয়েছেন মধ্যপন্থী ডেভিড ক্রাউলি।

মিনেসোটার পঞ্চম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে ৮০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন ওমর। মার্কিন সংবাদমাধ্যমগুলোর ইঙ্গিত অনুযায়ী, এর মধ্য দিয়ে পঞ্চম মেয়াদে প্রতিনিধি পরিষদে যাওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি।

ডেমোক্রেটিক প্রাইমারিতে ওমরের অন্য প্রতিদ্বন্দ্বীরা ছিলেন সাবেক ফেডারেল প্রসিকিউটর জুলি ট্রাং লে, লাটোনিয়া টি. রিভস, আবেনা ম্যাকেঞ্জি ও নেট শ্লুটার। নিউইয়র্ক টাইমসের অনানুষ্ঠানিক ফল অনুযায়ী, ৯৫ শতাংশের বেশি ভোট গণনার পর ওমর পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৬৪০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জুলি ট্রাং লে পেয়েছেন ১০ হাজার ২০১ ভোট এবং লাটোনিয়া টি. রিভস পেয়েছেন ৯ হাজার ১৩১ ভোট।

রিপাবলিকান প্রাইমারিতে জন নাগেল ৫২ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন বলে অনুমান গণমাধ্যমগুলোর।

উইসকনসিনে ক্রাউলির জয়

একই রাতে উইসকনসিনে ডেমোক্রেটিক গভর্নর প্রাইমারিতে জয় পেয়েছেন মিলওয়াকি কাউন্টির নির্বাহী ডেভিড ক্রাউলি। হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতায় তিনি হারিয়েছেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ফ্রান্সেসকা হংকে।

উইসকনসিনের প্রথম ডেমোক্রেটিক সোশ্যালিস্ট গভর্নর হওয়ার লড়াইয়ে প্রার্থী হয়েছিলেন হং। প্রচারণায় প্রগতিশীল ডেমোক্র্যাটদের অনেকের সমর্থন পেয়েছিলেন তিনি। আইসিই বিলুপ্ত করা, ডেটা সেন্টার নির্মাণে এক বছরের স্থগিতাদেশ এবং ধনকুবের ও করপোরেশনের ওপর কর বাড়ানোর মতো নীতির পক্ষে ছিলেন হং।

তবে ডেমোক্র্যাট ভোটাররা শেষ পর্যন্ত তুলনামূলক মধ্যপন্থী ক্রাউলিকে বেছে নিয়েছেন। নভেম্বরে সাধারণ নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বিতা হবে রিপাবলিকান প্রার্থী টম টিফানির সঙ্গে।

ট্রাম্পের সমর্থন পেয়েও হারলেন লিন্ডেল

মিনেসোটার গভর্নর প্রাইমারিতে রিপাবলিকানদের মধ্যেও বড় চমক এসেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য সমর্থন পেয়েও হেরে গেছেন তাঁর ঘনিষ্ঠ মিত্র ও সাবেক মাইপিলো প্রধান মাইক লিন্ডেল।

মিনেসোটায় রিপাবলিকান মনোনয়ন পেয়েছেন প্রতিনিধি পরিষদের স্পিকার লিসা ডেমুথ। মে মাসে ট্রাম্প লিন্ডেলের পক্ষে সমর্থন জানিয়ে তাঁকে অঙ্গরাজ্যটির জন্য ‘দারুণ’ প্রার্থী হিসেবে প্রশংসা করেছিলেন।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হয়েছে বলে ট্রাম্পের করা দাবির দীর্ঘদিনের সমর্থক লিন্ডেলের পরাজয় রিপাবলিকান প্রাইমারিতে ট্রাম্পের প্রভাব নিয়েও প্রশ্ন তৈরি করেছে।

অন্যদিকে মিনেসোটার ডেমোক্রেটিক গভর্নর প্রাইমারিতে সহজ জয় পেয়েছেন সিনেটর অ্যামি ক্লোবুচার। নভেম্বরের নির্বাচনে তাঁর মুখোমুখি হবেন ডেমুথ।

প্রগতিশীলদের লড়াই অব্যাহত

একই রাতে মিনেসোটার সিনেট প্রাইমারিতে প্রগতিশীল লেফটেন্যান্ট গভর্নর পেগি ফ্লানাগান মধ্যপন্থী প্রতিনিধি অ্যাঞ্জি ক্রেগকে হারিয়েছেন। এর আগে মিশিগানের ডেমোক্রেটিক সিনেট প্রাইমারিতেও প্রগতিশীল প্রার্থী আবদুল এল-সাইয়েদ জয় পেয়েছেন।

ফলে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে প্রগতিশীল ও মধ্যপন্থী— দুই ধারার প্রার্থীরই সাফল্য দেখা যাচ্ছে। মিনেসোটায় ওমরের বড় জয় দলটির প্রগতিশীল অংশের শক্ত অবস্থানকে তুলে ধরলেও উইসকনসিনে হংয়ের পরাজয় দেখিয়েছে, গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্যে মধ্যপন্থী প্রার্থীদেরও শক্ত ভিত রয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত