গুলশানে ওয়াসার জমিতে ভবন নির্মাণের উদ্যোগ বাতিলের দাবি টিআইবির

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

টিআইবি। ফাইল ছবি
টিআইবি। ফাইল ছবি

রাজধানীর গুলশানে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) ১১৪ কাঠা জমিতে আবাসিক ভবন নির্মাণের একটি বিতর্কিত উদ্যোগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বিবৃতিতে সংস্থাটি এই উদ্যোগকে দখলবাজি-সহায়ক হিসেবে উল্লেখ করেছে।

বিবৃতিতে টিআইবি বলেছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে একটি ব্যক্তিমালিকানাধীন আবাসন ব্যবসা প্রতিষ্ঠানের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে উদ্যোগটি নেওয়া হয়েছে। এটি নিয়মবহির্ভূত ও অনৈতিক প্রস্তাব, যা সরাসরি প্রত্যাখ্যান করা উচিত ছিল। তা না করে ক্ষমতাসীন দলসংশ্লিষ্ট এক প্রভাবশালীর মালিকানাধীন আবাসন প্রতিষ্ঠানের হাতে ঢাকা ওয়াসার জমি তুলে দেওয়া হচ্ছে। দুর্নীতিতে যোগসাজশের এই প্রক্রিয়া অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান না করে স্বল্প সময়ের ব্যবধানে কমিটি গঠন করা হয়েছে এবং লোক দেখানো প্রক্রিয়ায় ভূমি দখলবাজিতে সহায়তা করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেছেন, প্রস্তাবটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। কোনো ধরনের চাপের মুখে নয়, বরং ঢাকা ওয়াসার স্বার্থ বজায় রেখে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই বক্তব্যের সূত্র ধরে ড. ইফতেখারুজ্জামান বলেন, ওয়াসা এই জমি রাজউক থেকে ইজারা পেয়েছে। সেই জমি উন্নয়নের নামে বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ রাজউক এ ব্যাপারে অবগত নয়। এখানে মূলত স্বার্থান্বেষী মহলের কারসাজি ও বিশেষ গোষ্ঠীগত স্বার্থ রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা ওয়াসা যদি তার প্রাতিষ্ঠানিক স্বার্থে ওই জমিতে ভবন নির্মাণ বা উন্নয়নমূলক কিছু করতেই চায়, তাহলে যথার্থতা যাচাই সাপেক্ষে উন্মুক্ত স্বচ্ছ ও অংশগ্রহণমূলক টেন্ডার প্রক্রিয়ায় করবে—এই প্রত্যাশা করছি।

উল্লেখ্য, গুলশান-২-এর ৫৫ নম্বর সড়কে ঢাকা ওয়াসার ১১৪ কাঠা জমিতে ১৯ তলা আবাসিক ভবন নির্মাণের প্রস্তাব দিয়েছে এশিউর ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন নামের একটি বেসরকারি আবাসন প্রতিষ্ঠান। প্রস্তাবনায় বলা হয়েছে, ভবন নির্মাণের পর ৫১ শতাংশের মালিক হবে ঢাকা ওয়াসা। বাকি ৪৯ শতাংশের মালিকানা থাকবে বেসরকারি প্রতিষ্ঠানটির হাতে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

গুলশানে ওয়াসার জমিতে ভবন নির্মাণের উদ্যোগ বাতিলের দাবি টিআইবির