সরকার আসলে চলছে ‘সবার আগে যুক্তরাষ্ট্র’ নীতিতে: আনু মুহাম্মদ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৩ মে ২০২৬, ০০: ১৫
‘বিএনপি সরকারের আড়াই মাস: পর্যালোচনা, উদ্বেগ ও দাবিনামা’ শীর্ষক আলোচনা সভায় অধ্যাপক আনু মুহাম্মদ। ছবি: সংগৃহীত

অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, নির্বাচনী প্রচারে তারেক রহমান ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়েছিলেন। কিন্তু সরকারের আড়াই মাসের কর্মকাণ্ডে দেখা যাচ্ছে– সরকার আসলে চলছে ‘সবার আগে যুক্তরাষ্ট্র’ নীতিতে।

শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ‘বিএনপি সরকারের আড়াই মাস: পর্যালোচনা, উদ্বেগ ও দাবিনামা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

গণতান্ত্রিক অধিকার কমিটির এই সভায় সভাপতিত্ব করেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। সভায় সরকারের জ্বালানি নীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষা ও আইনশৃঙ্খলার অবনতি নিয়ে সমালোচনা করা হয়। আলোচকরা অভিযোগ করেন, বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করে বিদেশি শক্তি ও দেশি করপোরেট গোষ্ঠীর স্বার্থরক্ষায় ব্যস্ত হয়ে পড়েছে।

সভাপতির বক্তব্যে আনু মুহাম্মদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব জাতীয় স্বার্থবিরোধী চুক্তি নিয়ে বিতর্ক ছিল, বর্তমান সরকার সংসদে কোনো আলোচনা ছাড়াই সেগুলো বাস্তবায়ন করছে।

তিনি অভিযোগ করেন, পেট্রোবাংলার কিংবা বিমানের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এলএনজি আমদানি, বোয়িং বিমান কেনা ও বন্দর ব্যবহারের চুক্তি করা হয়েছে।

এই অর্থনীতিবিদ বলেন, জাতীয় সক্ষমতা বাড়ানোর বদলে সরকার করপোরেট লবিস্টদের প্রভাবে বিদেশি কোম্পানিগুলোকে সুবিধা দিতে ‘উৎপাদন বণ্টন চুক্তি’ (পিএসসি) সংশোধন করছে। এমনকি ২০০৬ সালের ফুলবাড়ী চুক্তি লঙ্ঘন করে আবারও উন্মুক্ত খনি থেকে কয়লা উত্তোলনের পাঁয়তারা চলছে।

সরকারের প্রতি প্রস্তাব রেখে তিনি বলেন, প্রধানমন্ত্রী অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু একটি সাহসী সিদ্ধান্ত পুরো ব্যবস্থা বদলে দিতে পারে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও আমলাদের সন্তানদের বাধ্যতামূলকভাবে পাবলিক স্কুল-কলেজে পড়তে হবে এবং তাদের সরকারি হাসপাতালেই চিকিৎসা নিতে হবে। এই সিদ্ধান্ত নিতে কোনো বিদেশি ঋণের প্রয়োজন নেই, কেবল রাজনৈতিক সদিচ্ছা দরকার।

লেখক ও গবেষক আলতাফ পারভেজ সরকারের পররাষ্ট্র নীতির সমালোচনা করে বলেন, জুলাই অভ্যুত্থান ছিল গত ১৫ বছরের বঞ্চনার বিরুদ্ধে গণমানুষের লড়াই। কিন্তু বর্তমান সরকার সেই আকাঙ্ক্ষা পূরণ না করে পুরোনো আমলাতান্ত্রিক ধাঁচেই চলছে।

তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্কের কথা বলা হলেও সীমান্ত হত্যা বন্ধ হয়নি, গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে কোনো জোরালো পদক্ষেপ নেই। উল্টো বিনা টেন্ডারে ৪৫ হাজার কোটি টাকায় ১৫টি বোয়িং বিমান কেনার চুক্তির মতো রহস্যজনক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

আলতাফ পারভেজ আসাম ও পশ্চিমবঙ্গে এনআরসি-সিএএ– এর মাধ্যমে লাখ লাখ মানুষকে রাষ্ট্রহীন করার প্রক্রিয়ায় সরকারের নীরবতার সমালোচনা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা বলেন, বিশ্ববিদ্যালয়গুলো এখন জ্ঞানচর্চার বদলে রাজনৈতিক দখলের কেন্দ্রে পরিণত হয়েছে। একটি ছাত্রসংগঠনের প্রভাব কমলেও অন্য একটি সংগঠন দ্রুত সেই জায়গা দখল করছে। এই দখলের রাজনীতিই মবের জন্ম দিচ্ছে। উপাচার্য নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার চেয়ে দলীয় আনুগত্যকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যা জুলাই অভ্যুত্থানের চেতনার সঙ্গে প্রতারণা।

জ্বালানি বিশেষজ্ঞ ড. মোশাহিদা সুলতানা ঋতু বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গত ১১ বছরে ৫২ হাজার কোটি টাকা লাভ করেছে। অথচ সেই টাকা জনগণের স্বার্থে ব্যয় না করে কৃত্রিম সংকট দেখিয়ে তেলের দাম ১৫ শতাংশ বাড়ানো হয়েছে।

তিনি অলস পড়ে থাকা বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য ক্যাপাসিটি চার্জ দেওয়ার মডেল পরিবর্তন করে ‘টেক অ্যান্ড পে’ মডেল চালুর দাবি জানান।

ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া সাইবার নিরাপত্তা আইনের সমালোচনা করে বলেন, এটি এখনো ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে রয়ে গেছে। এছাড়া বিচার বিভাগের পৃথক সচিবালয় গঠনের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা বাতিল করে সরকার বিচার বিভাগকে আবারও প্রশাসনের নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সর্বাধিক পঠিত

সম্পর্কিত