শুক্রবার সকালে সিলেট ও বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সিলেট ও বগুড়া

সিলেটে ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। সংগৃহীত ছবি

সিলেটে ও বগুড়ায় শুক্রবার (৭ আগস্ট) সকালে আলাদা দুই সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এবং বগুড়ার এরুলিয়ায় নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালের দিকে ঢাকাগামী ইউনিক পরিবহন ও সিলেটগামী বেঙ্গল পরিবহনের বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কয়েকজন মারা যান।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধারকারী দল ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখছে পুলিশ।

বগুড়ায় নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় ৭ শ্রমিক নিহত, আহত ২০

এদিকে বগুড়ার এরুলিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কৃষিশ্রমিকদের চাপা দিলে অন্তত সাতজন নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৫টায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—গাইবান্ধার বাসিন্দা আমিরুল, নূর আলম এবং বেলাল। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বগুড়া সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম শফিক বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শাহ ফতেহ আলী পরিবহনের একটি দূরপাল্লার বাস ভোরে এরুলিয়া মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় সড়কের পাশে কাজের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা দিনমজুর ও কৃষিশ্রমিকদের গায়ের ওপর বাসটি উঠে পড়ে। তিনি জানান, বাসের চাপায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়। পুলিশ নিহত বাকিদের পরিচয় শনাক্তকরণ ও আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত