হাসনাত-সারজিসকে ক্ষমা চাইতে আল্টিমেটাম, এনসিপি বর্জনের হুঁশিয়ারি

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১৯: ৫৪
হাসনাত-সারজিসকে ক্ষমা চাইতে আল্টিমেটাম, এনসিপি বর্জনের হুঁশিয়ারি। সংগৃহীত ছবি

বিএসসি ইঞ্জিনিয়ারদের ‘প্রকৌশল অধিকার আন্দোলন’-এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের দেওয়া বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়েছে ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’। সেইসঙ্গে তাঁদের প্রকাশ্যে ক্ষমা চাইতে আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি। নইলে সম্পূর্ণরূপে এনসিপিকে বর্জন করবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে পলিটেকনিক শিক্ষার্থীদের সংগঠন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এনসিপি নেতা সারজিস আলম “প্রকৌশল অধিকার আন্দোলন”-এর সঙ্গে একাত্মতা প্রকাশ করতে গিয়ে “কোটা” শব্দটি ব্যবহার করেছেন। অন্যদিকে, হাসনাত আব্দুল্লাহ “প্রকৌশল অধিকার আন্দোলন”-এর অযৌক্তিক দাবিকে ন্যায়সঙ্গত বলে আখ্যা দিয়েছেন। আমরা এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি।’

এতে আরও বলা হয়, উপসহকারী প্রকৌশলী দশম গ্রেড, এটি কোনো কোটা নয়। এটি একটি বিশেষায়িত পদ। এখানে প্রবেশের জন্য একমাত্র যোগ্যতা হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, যা ১৯৭৮ সালের রাষ্ট্রপতির অধ্যাদেশ ও ১৯৯৪ সালের প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপনে রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমরা স্পষ্টভাবে জানাতে চাই, আগামী কয়েক ঘণ্টার মধ্যে যদি হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম প্রকাশ্যে ক্ষমা না চান, তবে দেশের সব সরকারি-বেসরকারি পলিটেকনিক ও টিএসসি শিক্ষার্থী এবং ডিপ্লোমা প্রকৌশলীসহ তাদের পরিবার সম্পূর্ণরূপে এনসিপিকে বর্জন করবে।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত