মুজাহিদুল ইসলাম সেলিম অসুস্থ, চিকিৎসার জন্য গেলেন চেন্নাই

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৬ জুন ২০২৬, ১৪: ৪১
মুজাহিদুল ইসলাম সেলিম। ছবি: সংগৃহীত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম চিকিৎসার জন্য ভারতের চেন্নাই গেছেন। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকা ছাড়েন তিনি।

বর্তমানে তিনি চেন্নাইয়ের অ্যাপোলো প্রোটন ক্যানসার সেন্টারের প্রোটন থেরাপিস্ট অভিজিৎ দাসের তত্ত্বাবধানের রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে সিপিবি জানিয়েছে, গত ৭ জুন মুজাহিদুল ইসলাম সেলিম অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। সেখানে অধ্যাপক ডা. সাইদুর রহমান খানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি।

চিকিৎসকদের ভাষ্যমতে, মুজাহিদুল ইসলাম সেলিমের ফুসফুসে পানি জমেছিল। পরে পানি অপসারণ করা হয়। তবে এই প্রক্রিয়ায় ফুসফুস ও বুকের মাঝামাঝি স্থানে বাতাস জমে নিউমোথোরাক্স হয়। এতে আংশিকভাবে ফুসফুস সংকুচিত হয়ে পড়ে।

এমন অবস্থায় গত ১৩ জুন রাতে অধ্যাপক ডা. মিলন কিবরিয়ার তত্ত্বাবধানে তাঁর ‘টিউব থোরাকোস্টমি’ প্রক্রিয়া সম্পন্ন হয়। সফলভাবে এটি শেষ হলেও উন্নত ও বিশেষায়িত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

Ad 300x250

সম্পর্কিত