leadT1ad

ইসলামী ব্যাংক: ৭ দফা দাবিতে গভর্নরকে গ্রাহকদের স্মারকলিপি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১৮: ১৯
স্মারকলিপি দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক নুর নবী মানিক। সংগৃহীত ছবি

ইসলামী ব্যাংক ‘রক্ষায়’ ৭ দফা দাবিতে গভর্নরের কাছে স্মারকলিপি প্রদান করেছে ব্যাংকটির ভুক্তভোগী শেয়ারহোল্ডার ও গ্রাহকরা। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে বাংলাদেশ ব্যাংকে গিয়ে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে গভর্নরের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রধানের পর সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক নুর নবী মানিক সাংবাদিকদের বলেন, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হওয়ার পর এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ ও আদর্শ ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করেছিল। ব্যাংকের ডিপোজিট, বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য, সিএসআর এবং মুনাফা দেশের অন্য যেকোনো ব্যাংকের সম্মিলিত অর্জনের চেয়েও বেশি ছিল।

তিনি আরও বলেন, দেশের মোট রেমিট্যান্সের ৩ ভাগের ১ ভাগ ইসলামী ব্যাংক একাই সংগ্রহ করত। গ্রাহকদের আস্থা ও বিশ্বাস এমন এক উচ্চতায় পৌঁছেছিল যে স্বাভাবিক বিনিয়োগের পরেও ব্যাংকে বিপুল উদ্বৃত্ত তহবিল জমা থাকত। সেই ধারাবাহিকতা ফিরিয়ে আনতে হলে ব্যাংকের প্রকৃত মালিকদের মালিকানা ফিরিয়ে দিয়ে মালিকদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন করা জরুরি।

তিনি বলেন, ইসলামী ব্যাংকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে আমরা আমাদের দাবি জানিয়েছি। সাত দাবিতে গভর্নরের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এসব দাবি মেনে নেওয়া হলে ইসলামী ব্যাংকে স্থিতিশীলতা ফিরে আসবে এবং গ্রাহকদের আস্থা বৃদ্ধি পাবে।

গ্রাহব ফোরামের দাবি সাতটি হলো সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন; ২০১৭ সালে গায়ের জোরে ও রাষ্ট্রীয় শক্তি করে কেড়ে নেওয়া বৈধ মালিকানা ফিরিয়ে দেওয়া; ব্যাংক লুটেরাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং এস আলমসহ ব্যাংক লুটেরাদের দ্রুত বিচারের আওতায় আনা; ইসলামী ব্যাংকগুলোতে বিরাজমান আতঙ্ক দূর করা এবং ব্যাংকিং খাতে স্থিতিশীলতা আনয়নের বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকা; ব্যাংকের লুণ্ঠিত অর্থ উদ্ধার ও এস আলমের সম্পদ বাজেয়াপ্ত করা; ব্যাংক কোম্পানি আইনের ১৮/ক ধারা অবিলম্বে বাতিল কর এবং জাতীয় সংসদে ইসলামী ব্যাংক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অসত্য বক্তব্য এবং এস আলমের হাতে পুনরায় ব্যাংক তুলে দেওয়ার যে প্রচ্ছন্ন আভাস দেওয়া হয়েছে, তা অনতিবিলম্বে প্রত্যাহার।

Ad 300x250

সম্পর্কিত