যশোরে আ.লীগের ঝটিকা মিছিলের পর ৮ নেতাকর্মী আটক
স্ট্রিম সংবাদদাতাযশোর

যশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও আলতাপোল গ্রামের আবদুল গণির ছেলে গোলাম মোস্তফা (৫০), ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ও রাজনগর বাকরশী গ্রামের আবদুর রাজ্জাক বিশ্বাসের ছেলে রাজু আহমেদ (৩৫), ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ভেরচি গ্রামের নূর আলী সরদারের ছেলে আকবর হোসেন এলিন, মজিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ও মজিদপুর গ্রামের নওশের আলী সরদারের ছেলে শহিদুল ইসলাম বাবু (৪০)।
যশোর সদর উপজেলার ঘুরুলিয়া মধ্যপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে মোশাররফ হোসেন (৫২), সদর উপজেলার আরবপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও খোলাডাঙ্গা সরদার পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান সরদার (৪০), সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের খলিল মোল্লার ছেলে তবিবার মোল্যা (৫৫) ও চাঁচড়া ডালমিল এলাকার মাইনুদ্দিনের ছেলে ও ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন (৪৪)।
পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে কেশবপুর টু পাঁজিয়াগামী সড়কে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে ৮ থেকে ১০ জন একটি ঝটিকা মিছিল বের করে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে।
যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। আটকের পর তাদের আদালতে পাঠালে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
.png)






