২০২৯ সালের জুনের মধ্যে খুলবে ৬ লেনের ঢাকা-সিলেট মহাসড়ক: সড়কমন্ত্রী
স্ট্রিম সংবাদদাতাব্রাহ্মণবাড়িয়া

২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মহাসড়কের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান।
মন্ত্রী বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্পে কাজের অগ্রগতি সন্তোষজনক ছিল না। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, গত ছয় মাসে ভূমি অধিগ্রহণের কাজ প্রায় ৫৬ শতাংশ শেষ হয়েছে। আগামী দুই মাসের মধ্যে শতভাগ ভূমি অধিগ্রহণ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এখন পর্যন্ত প্রকল্পের ভৌত কাজের অগ্রগতি প্রায় ২৭ শতাংশ হয়েছে বলে জানিয়েছেন তিনি।
শেখ রবিউল আলম বলেন, মহাসড়কের ১৩টি প্যাকেজের মধ্যে পাঁচটির কাজের অগ্রগতি সন্তোষজনক নয়। মন্ত্রী বলেন, ‘আমরা ২০২৯ সালের জুনের মধ্যে মহাসড়কটির নির্মাণ শেষ করে জনগণের জন্য উন্মুক্ত করে দিতে চাই।’
মন্ত্রী আরও বলেন, বর্তমানে প্রকল্পের কাজের অগ্রগতি সন্তোষজনক। তবে গত চার বছর কাজের তেমন অগ্রগতি না থাকায় এখন কিছুটা জনদুর্ভোগ হচ্ছে। বিগত সরকার ও অন্তর্বর্তী সরকার প্রকল্পটি নিয়ে খুব বেশি মনোযোগী ছিল না বলেও দাবি করেন মন্ত্রী।
.png)






