চাঁদপুরে জুলাইয়ের মামলায় দীপু মনি-মায়াসহ ৩৭৮ জনের নামে চার্জশিট

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চাঁদপুর

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ২৩: ৩৯
সংগৃহীত ছবি

চাঁদপুরে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও বিস্ফোরক আইনে করা মামলায় ডা. দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন নাম উল্লেখ করা আসামি ছিলেন ৩৫০ ও অজ্ঞাতনামা ২৫০। যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ৩৭৮ জনকে চার্জশিটে (অভিযোগপত্র) অন্তর্ভুক্ত করা হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে চাঁদপুরে হওয়া মামলাগুলোর মধ্যে এটিই প্রথম কোনো মামলার চার্জশিট দেওয়া হলো বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে চার্জশিট দাখিলের তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।

মামলার তদন্ত কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল আলম জানান, গত ১৪ জুন আদালতে মামলার চার্জশিট দাখিল করা হয়। পরবর্তী সময়ে নির্ধারিত তারিখে চার্জশিট গ্রহণ করবেন আদালত। বর্তমানে তিনি নোয়াখালী জেলায় বদলি হয়ে কর্মরত রয়েছেন।

তদন্ত কর্মকর্তা বলেন, মামলার এজাহারে ৩৫০ জনের নাম উল্লেখ করা হয়েছিল। এছাড়া অজ্ঞাতনামা আসামি ছিলেন আরও ২৫০ জন। এজাহারভুক্ত আসামিদের মধ্যে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা নেই ৫২ জনের, পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি ১৩ জনের, সন্দেহভাজন আসামি থেকে বাদ হয়েছে ১০ জনকে, এজাহারে একাধিকবার নাম উল্লেখ করা ব্যক্তি থেকে বাদ হয়েছে ২০ জন। এ ছাড়া এজহার থাকা ৩ আসামি থেকে মৃত্যুবরণ করেছেন। তদন্তে যাচাই-বাছাই শেষে ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে।

চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও চাঁদপুর-০৩ (সদর-হাইমচর) আসনের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনি, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাবেক মন্ত্রী ও চাঁদপুর-০২ (মতলব দক্ষিণ-মতলব উত্তর) আসনের সাবেক সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, চাঁদপুর-১ (কচুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ড. সেলিম মাহমুদ এবং চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের সাবেক সংসদ সদস্য নুরুল আমিন রুহুল।

কোর্ট পুলিশ পরিদর্শকের কার্যালয় থেকে জানা গেছে, মামলায় এজাহারভুক্ত আসামিদের নাম ও পরিচয় যাচাই এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই চার্জশিট প্রস্তুত করা হয়েছে। মামলার নিয়মিত তারিখ হচ্ছে ২৩ আগস্ট এবং পরবর্তী কার্যক্রম আদালতের মাধ্যমে চলবে।

২০২৪ সালের ২৭ আগস্ট চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি করেন জেলার হাইমচর উপজেলার নয়ানী লক্ষ্মীপুর গ্রামের পাটওয়ারী বাড়ির বাসিন্দা মৃত আব্দুল জলিল পাটওয়ারীর ছেলে মোক্তার আহমেদ পাটওয়ারী।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত