তেজগাঁওয়ে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ যুবকের তিন দিনের রিমান্ড
স্ট্রিম প্রতিবেদকঢাকা

রাজধানীর তেজগাঁও কলেজ জামে মসজিদে গোপন বৈঠকের সময় জঙ্গি কার্যক্রমে জড়িত সন্দেহে গ্রেপ্তার ১২ যুবকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া ব্যক্তিরা হলেন—শিহাব উদ্দিন (৩২), মারজুক আহমেদ (২৬), সাইফুর রহমান খান (৩২), রাম্মি মিয়া (২৯), কামিছুল ইসলাম (৩৬), সাজ্জাদ হোসেন (২২), আফিফ আহমেদ (২০), মোহাইমিনুল হক (২৭), জাওজি চৌধুরী (১৯), শাহাদাত হোসেন (২৫), সাকিব আহমেদ (২৬) ও জুনায়েদ আহমেদ (২১)।
আদালত সূত্রে জানা যায়, শেরেবাংলা নগর থানায় জিডি সূত্রে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে হাজির করা হয়। পরে সিটিটিসির ইন্সপেক্টর আখতার মোর্শেদ প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে পারে, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট, উগ্রবাদ ছড়ানো ও বড় ধরনের সহিংসতা ঘটানোর উদ্দেশ্যে কয়েকজন যুবক তেজগাঁওয়ের কোকাকোলা মোড় এলাকায় জড়ো হয়েছেন। পরে শুক্রবার তেজগাঁও ও শেরেবাংলা নগর থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আবেদনে আরও বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা ‘মিটআপ’ নামে একটি গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য। এই গ্রুপের মাধ্যমে তারা উগ্রবাদী কথাবার্তা ও বিভিন্ন বিষয়ে যোগাযোগ করতেন এবং নাশকতার উদ্দেশ্যে একত্রিত হয়েছিলেন।
রিমান্ড আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার মূল রহস্য উদঘাটনে আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তাদের ব্যবহৃত মোবাইল ফোন, সিমকার্ড ও অন্যান্য ডিজিটাল আলামত উদ্ধার এবং সাইবার তথ্য বিশ্লেষণ করা দরকার। পাশাপাশি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, মেসেঞ্জারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কথোপকথন ও যোগাযোগের তথ্য যাচাই প্রয়োজন।
এ ছাড়া ঘটনার পেছনে থাকা পরিকল্পনাকারী ও সহযোগীদের শনাক্ত এবং উগ্রবাদী কার্যক্রমে অর্থের উৎস ও অর্থদাতাদের বিষয়ে তথ্য জানতে তাদের রিমান্ডে নেওয়ার প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার রিমান্ডের পক্ষে যুক্তি দেন। আসামিদের পক্ষে অ্যাডভোকেট মাসুদ-উর-রহমান রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর ফার্মগেটের তেজগাঁও কলেজ মসজিদ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত সন্দেহে ২৩ যুবককে আটক করে পুলিশ। পরে শনিবার সকালে প্রাথমিক অনুসন্ধানে উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত নয় প্রমাণ হওয়ায় ১১ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
.png)






