গ্রেপ্তার চারজনের মধ্যে অপ্রতিম হত্যায় সরাসরি যুক্ত ৩

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
কুমিল্লা

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে পুলিশ সুপারের সংবাদ সম্মেলন। স্ট্রিম ছবি
অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে পুলিশ সুপারের সংবাদ সম্মেলন। স্ট্রিম ছবি

কুমিল্লায় শিশু অপ্রতিম হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে তিনজন সরাসরি জড়িত। বাকি একজনের সম্পৃক্ততার বিষয়ে যাচাই-বাছাই চলছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

গ্রেপ্তারদের একজন কুমিল্লা সদর দক্ষিণের সানন্দা এলাকার নূরে আলমের ছেলে সাইফুল ইসলাম তুহিন (১৯)। বাকি তিনজন কিশোর।

পুলিশ সুপার জানান, অপ্রতিম নিখোঁজের জিডির (সাধারণ ডায়েরি) পরপরই আমরা তদন্ত শুরু করি। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, অপ্রতিমকে নির্জন জঙ্গলে নিয়ে যায় তুহিন। মূলত অপ্রতিমের কাছে থাকা আইফোনের দিকে নজর ছিল তার।

তিনি আরও জানান, তুহিনকে গ্রেপ্তারের পর তার তথ্যে সালমানপুর এলাকার এক কিশোর এবং তার বন্ধু হাতিগাড়া এলাকার আরেক কিশোরকে গ্রেপ্তার করা হয়। এই তিনজনই হত্যায় সরাসরি জড়িত। এ ছাড়া গ্রেপ্তার সদর দক্ষিণের এলাহিপুর এলাকার আরেক কিশোরের তথ্য যাচাই চলছে।

অপ্রতিম (১৩) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে এবং স্থানীয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার বিকেলে কোটবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বের হয় সে। এরপর আর বাসায় ফেরেনি। পরে বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় জিডি করেন।

শনিবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে অপ্রতিমের লাশ উদ্ধার হয়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে লাশের সঙ্গে অপ্রতিমের মায়ের আইফোনটি পাওয়া যায়নি। পরে এ ঘটনায় আটক তুহিনের বাড়িতে অভিযান চালিয়ে শনিবার রাতে আইফোনটি উদ্ধার করে পুলিশ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত