যথাযথ অর্থ ব্যবস্থাপনায় বাজেট বাস্তবায়ন হবে: সেতুমন্ত্রী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১৬: ৪৭
সংসদে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ভিডিও থেকে নেওয়া

যথাযথ রাজস্ব আহরণ ও অর্থ ব্যবস্থাপনায় প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। রোববার (২৮ জুন) সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘প্রস্তাবিত বাজেটে মানবসম্পদ উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও সামাজিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এটি রাষ্ট্রীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের বাস্তবসম্মত ও ভারসাম্যপূর্ণ বাজেট।’

বাজেট বরাদ্দ নিয়ে মন্ত্রী জানান, সামাজিক অবকাঠামো খাতে প্রায় ৩০ শতাংশ, ভৌত অবকাঠামো খাতে ১৮ শতাংশের বেশি এবং সাধারণ সেবা খাতে প্রায় ২৬ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দ দেশের ১৮ কোটি মানুষকে দক্ষ মানবসম্পদ করতে এবং তাদের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। এছাড়া পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেও বাজেটে উল্লেখযোগ্য বরাদ্দ রয়েছে।

শেখ রবিউল আলম বলেন, রাষ্ট্র পরিচালনাসংক্রান্ত অনুন্নয়ন ব্যয়ের হার গত অর্থবছরের ৭২ দশমিক ৭ শতাংশ থেকে ৬৬ দশমিক ৩ শতাংশে নামানো হয়েছে। অন্যদিকে উন্নয়ন ব্যয় ২৭ দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৩৩ দশমিক ৭ শতাংশ করা হয়েছে।

সেতুমন্ত্রী আরও বলেন, ই-চালানের মাধ্যমে রাজস্ব আহরণ, কর অব্যাহতি হ্রাস, কর ফাঁকি রোধ এবং ভ্যাট ব্যবস্থার সংস্কারের ফলে রাজস্ব আদায়ে ঘাটতি হবে না। একই সঙ্গে ব্যাংক ঋণের ওপর সরকারের নির্ভরতা কমিয়ে আনা হয়েছে। ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা আগের অর্থবছরের ১ লাখ ১৮ হাজার কোটি টাকা থেকে কমিয়ে ১ লাখ ১২ হাজার কোটি টাকা করা হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত