
রাজধানীতে তুমুল বৃষ্টি হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে বজ্রসহ শুরু হয়। অঝোর ধারা ঝরে সকাল পর্যন্ত। এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে রাজধানীর বিভিন্ন স্থানে পানি জমে গেছে।
বৃষ্টির শব্দে নগরবাসীর ঘুম ভাঙলেও, কর্মস্থলে যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। তীব্র যানজটে একই স্থানে কেটে যাচ্ছে ঘণ্টা পর ঘণ্টা। বৃষ্টিতে ভিজে অনেকেই হেঁটে গন্তব্যে যাচ্ছেন। এই সুযোগে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাচালকেরা গলা কাটা ভাড়া হাঁকছেন।
বৃষ্টিতে ঢাকার বিভিন্ন রাস্তায় পানি জমেছে। মিরপুর, মোহাম্মদপুর, রামপুরা, বনশ্রী, পুরানা পল্টন, খিলগাঁও কমিউনিটি সেন্টারের সামনে, মালিবাগ রেলগেট বাজারের সামনে, মৌচাক মোড়ে, মগবাজার সেঞ্চুরি মোড়ে, দক্ষিণ মণিপুর মোল্লাপাড়া, পশ্চিম শ্যাওড়াপাড়া বর্ডার বাজারসহ বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমেছে। এসব রাস্তায় কোথাও হাঁটু পানি। পানি মাড়িয়ে স্কুল, কলেজ ও কর্মস্থলে যেতে দেখা গেছে মানুষকে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, শনিবার রাত ১২টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত শুধু রাজধানীতেই ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জে, ৮২ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছিল, শনিবার রাত ১২টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এতে আরও বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার রাত ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬।
গতকাল থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এটি নিম্নচাপে রূপ নিতে পারে। এর প্রভাব বেশি হতে পারে ভারতের ওডিশা ও অন্ধ্র প্রদেশের উপকূলে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। ওইদিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং অন্য কয়েকটি বিভাগের কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।
.png)






